Maharashtra Assembly Election 2024: মহারাষ্ট্র কংগ্রেসে ধস, হাত ছেড়ে পদ্মে প্রভাবশালী নেতা; পেলেন বড় পদ
Maharashtra Assembly Election 2024: ২০ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। তার আগে বড় ধাক্কা কংগ্রেসে। দলের প্রভাবশালী নেতা যোগ দিলেন বিজেপিতে। মুম্বইয়ের কংগ্রেস নেতা তথা বৃহণ্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিরোধী দলনেতা রবি রাজা বৃহস্পতিবার কংগ্রেস ছেড়ে যোগ দেন বিজেপিতে।
দলে যোগ দিতেই মুম্বই বিজেপির সহ সভাপতির পদও দেওয়া হল রবি রাজাকে (Ravi Raja)। বৃহস্পতিবার রাজ্যের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন রবি। উপস্থিত ছিলেন মুম্বই বিজেপির সভাপতি তথা বিধায়ক আশিস সেলারও।

এদিন দেবেন্দ্র ফড়নবীশ (Devendra Fadnavis) বলেন, "রাজা দীর্ঘদিনের দক্ষ ও পরিশ্রমী নেতা। দীর্ঘ ২৩ বছর ধরে কর্পোরেশনে কাজ করছেন তিনি। ওর মতো প্রভাবশালী নেতা বিজেপিতে যোগ দেওয়ায় আমরা সত্যিই আনন্দিত।"
পাঁচবারের কাউন্সিলর কংগ্রেস নেতা রবি রাজাকে আসন্ন বিধানসভা নির্বাচনে টিকিট দেয়নি দল। সিয়ন কোলিওয়াড়া (Sion Koliwada) আসন থেকে প্রার্থী হওয়ার আশায় ছিলেন রাজা। টিকিট না পেয়ে বিক্ষুব্ধ হন তিনি। দলের জন্য কঠোর পরিশ্রম করেও টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন রবি।
রবির সমর্থনে ছিলেন রাজ্যের একাধিক বরিষ্ঠ কংগ্রেস নেতৃত্ব। ওই আসনে রবিকেই প্রার্থী করতে চেয়েছিলেন তাঁরা। যদিও কংগ্রেসের হাইকমান্ড (Congress High Command) নেতাদের প্রস্তাবে কর্ণপাতই করেনি বলে অভিযোগ। ২০১৯ সালে বিজেপির কাছে পরাজিত গণেশ যাদবকেই ফের প্রার্থী করেছে কংগ্রেস।
প্রায় ১৪ হাজার ভোটে বিজেপির ক্যাপ্টেন তামিল সেলভানের কাছে হেরেছিলেন গণেশ। এদিন রবির বিজেপিতে যোগদানের সময় উপস্থিত ছিলেন সেই গণেশ যাদবও। রবির সঙ্গে বিজেপিতে যোগ দেন একাধিক কংগ্রেস কর্মী সমর্থকরাও।
এদিকে ভোটের আগে একাধিক কর্মী সমর্থককে খুইয়ে বেজায় বিপাকে কংগ্রেস। রাজনৈতিক মহলের একাংশের মত, তামিল ও মারাঠা ভোটারদের ভোট হারাবেল হাত শিবির। অন্যদিকে রাজার যোগদানে ভোটের মুখে বিজেপি বাড়তি অক্সিজেন পেল বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।












Click it and Unblock the Notifications