Maharashtra Assembly Election 2024: নামেই ‘বন্ধুত্ব’! মহারাষ্ট্রে ২৫-এর বেশি আসনে জোটদ্বয়ের ‘ঘরোয়া লড়াই’
Maharashtra Assembly Election 2024: বিধানসভা ভোটের দিন যত এগোচ্ছে, ততই নিত্যনতুন মোড় নিচ্ছে মহারাষ্ট্রের রাজনীতি। জোট হিসেবে নয়, ভোটের আগে দলগতভাবে ইস্তেহার প্রকাশে দেখা গিয়েছে মহাজুটি ও মহা বিকাশ অঘাড়ির শরিক দলগুলিকে। একই আসনে শরিকি দলের বিরুদ্ধেও প্রার্থী দিয়েছে দলগুলি। রাজনৈতিক মহলের মত, ২৩ নভেম্বর ফলাফল ঘোষণা পর বড়সড় পরিবর্তন আসতে পারে মারাঠা রাজনীতিতে।
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে প্রত্যেক দলই যথাসম্ভব প্রার্থী দিয়েছে। যার জেরে অন্ততপক্ষে ২৫টি আসনে শরিক দলের প্রার্থীর বিরুদ্ধেই পাল্টা প্রার্থী লড়ছেন। শাসক বিরোধী জোট অবশ্য একে ফ্রেন্ডলি ফাইট বা বন্ধুত্বপূর্ণ লড়াই বললেও রাজনৈতিক মহলের মত, প্রত্যেক দলই নিজ নিজ স্বার্থ চরিতার্থ করতেই ভোটের ময়দানে নেমেছে। সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে বিধায়কদের সংখ্যা বাড়াতে চাইছে প্রত্যেক দলই।

২৫-এর বেশি আসনে সম্মুখ সমরে জোট শরিকরা। তবে মহা ফাঁপরে ইন্ডি (INDI) জোট। মহারাষ্ট্রের বিরোধী শিবির মহা বিকাশ অঘাড়িতে কংগ্রেস, শরদ পাওয়ারের এনসিপি ও উদ্ধব ঠাকরের শিবসেনা মূল মাথা হলেও জাতীয় স্বার্থে ইন্ডিয়ার একাধিক দল রয়েছে ভোটের ময়দানে। এসপি, পিডব্লিউপি-সহ একাধিক দল থাকায় সিংহভাগ আসনে ঘরোয়া লড়াইয়ে জড়িয়েছে বিরোধীরা।
প্রসঙ্গত, মহারাষ্ট্রে জনসভায় মহা বিকাশ অঘাড়িকে (Maha Vikas Aghadi) দিনকয়েক আগেই এনিয়ে নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বিরোধী জোটকে চাকা ও চালক বিহীন গাড়ি বলে নিশানা করেন মোদী। চালকের আসনে কে বসবেন,তা নিয়ে বিরোধীদের মধ্যে ডামাডোল চলছে বলে দাবি মোদীর।
২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় ২০ নভেম্বর নির্বাচন। মহাজুটিতে (Mahayuti) বিজেপির সঙ্গে জোটবদ্ধ রয়েছে একনাথ শিন্ডের শিবসেনা ও অজিত পাওয়ারের এনসিপি। অন্যদিকে মহা বিকাশ অঘাড়িতে রয়েছে কংগ্রেস, উদ্ধব ঠাকরের শিবসেনা ও শরদ পাওয়ারের এনসিপি। ২৩ নভেম্বর ভোটের ফলাফল ঘোষণা হবে।












Click it and Unblock the Notifications