মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন ২০২৪ : ৪০ জন বিদ্রোহী নেতাকে ছেঁটে ফেলল বিজেপি
শিয়রে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন। মহাজুটি জোটের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে তীব্র টানাপোড়েন চলছে৷ বিজেপির নেতাদের একটা অংশ টিকিট না পেয়ে বেঁকে বসেছেন। কেউ কেউ আবার নির্দল হিসেবেও মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই অবস্থায় বড় সিদ্ধান্ত নিল গেরুয়া শিবির।
মহারাষ্ট্রে ৪০ জন নেতাকে সরাসরি বহিষ্কার করল বিজেপি। বিজেপির পার্টি লাইনের বাইরে চলে গিয়েছিলেন তারা। সেই কারণে এই কঠিন সিদ্ধান্ত তাদের বিরুদ্ধে নেওয়া হল। ৩৭ টি বিধানসভা অঞ্চলের ৪০ জন নেতাকে দল থেকে ছেঁটে ফেলা হল৷

মহারাষ্ট্র বিজেপির দফতর সম্পাদক মুকুল কুলকার্নি স্বাক্ষরিত একটি বিবৃতি দেওয়া হয়। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে। সেই কারণে বিজেপি দল থেকে বহিষ্কার করা হল। জালনা বিধানসভা কেন্দ্র থেকে অশোক পাঙ্গারকর, সাওয়ান্তওয়াড়ি থেকে বিশাল প্রভাকর পরব, জলগাঁও সিটি থেকে ময়ূর কাপসে, অমরাবতী থেকে জগদীশ গুপ্ত, ধুলে গ্রামীণ থেকে শ্রীকান্ত কার্লে সহ ৪০ জন এই তালিকায় রয়েছেন।
কার্লে সম্প্রতি ধুলে পল্লী বিধানসভা কেন্দ্র থেকে নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। মহারাষ্ট্র বিজেপির সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে বলেন, দলের নেতারা নির্দল প্রার্থী হিসাবে তাদের মনোনয়ন প্রত্যাহার করতে বিদ্রোহীদের বোঝাবেন। এদিকে মঙ্গলবার মহাজুটি জোট তাদের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে ফেলেছে। অভূতপূর্ব সমৃদ্ধি ও উন্নয়নের বার্তা দেওয়া হয়েছে।
মঙ্গলবার কোলহাপুর উত্তরে একটি জনসভা ছিল। সেখানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং অজিত পাওয়ার উপস্থিত ছিলেন। একসঙ্গেইস্তাহার প্রকাশিত হয়। রাজ্যের উন্নয়ন ও প্রগতির কথা বলা হয়েছে সেখানে।
তাহলে কি জোটের কথা ভেবেই বিদ্রোহীদের দল থেকে ছেঁটে ফেলল বিজেপি? না কী পরে বিদ্রোহীদের ফের দলে ফিরিয়ে আনা হবে? সেই প্রশ্ন জোরালো হচ্ছে। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন আগামী ২০ নভেম্বর। ২৩ নভেম্বর ফলপ্রকাশ।












Click it and Unblock the Notifications