Maharashtra Exit Poll 2024: মহারাষ্ট্রে ক্ষমতায় থাকছে মহায়ুতিই, জানাল অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এগজিট পোল
Maharashtra Exit Poll 2024: মহারাষ্ট্রে ক্ষমতায় থাকছে মহায়ুতিই। আভাস দিল অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথফেরত সমীক্ষায়।
গতকালই মহারাষ্ট্রে এক দফায় ভোটগ্রহণ হয়েছে ২৮৮টি আসনে। ম্যাজিক ফিগার ১৪৫। ২২৬টি আসনের সম্ভাব্য ফল প্রকাশ করতেই দেখা যাচ্ছে, সেই সংখ্যা টপকে মহায়ুতি পৌঁছে গিয়েছে দেড়শোতে।

অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথফেরত সমীক্ষায় মুম্বই অঞ্চলের ৩৬টি আসনের মধ্যে মহায়ুতি ২২টি ও মহা বিকাশ অঘাড়ি ১৪টি আসনে জিতবে বলে উল্লেখ। কোঙ্কন ও থানের ৩৯টি আসনের মধ্যে মহায়ুতি ২৪টি, এমভিএ ১৩টি ও অন্যান্যরা ২টি আসনে জিততে পারে।
মারাঠাওয়াড়ার ৪৬টি আসনের মধ্যে মহায়ুতির ৩০টি, মহা বিকাশ অঘাড়ির ১৫টি ও অন্যান্য়দের ১টিতে জেতার সম্ভাবনার কথা বলা হয়েছে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এগজিট পোলে। উত্তর মহারাষ্ট্রে রয়েছে ৪৭টি আসন, তার মধ্যে বর্তমান শাসক মহায়ুতির ৩৮টি, মহা বিকাশ অঘাড়ির ৭টি ও অন্যান্যদের ২টি আসনে জেতার পূর্বাভাস দেওয়া হয়েছে।
পশ্চিম মহারাষ্ট্রে রয়েছে রয়েছে ৫৮টি আসন। তার মধ্যে এনডিএ বা মহায়ুতি শিবিরকেই এগিয়ে রাখা হয়েছে ৩৬টিতে, ইন্ডিয়া জোট বা মহা বিকাশ অঘাড়ির হাতে আসতে পারে ২১টি আসন। ১টি আসনে অন্যান্যরা জিততে পারে বলে উল্লেখ এই বুথফেরত সমীক্ষায়।
বিদর্ভে ৬২টি আসনের মধ্যে মহায়ুতি পেতে পারে ৩৯টি। মহা বিকাশ অঘাড়ি ২০টি ও অন্যান্যরা তিনটি আসনে জিততে পারে বলে জানানো হয়েছে। মহায়ুতির মোট আসন থাকতে পারে ১৭৮ থেকে ২০০-র মধ্যে। মহা বিকাশ অঘাড়ি পেতে পারে ৮২ থেকে ১০২টি। অন্যান্যরা ৬ থেকে ১২টি আসন পেতে পারে।
মহায়ুতি পেতে পারে ৪৮ শতাংশ ভোট, এমভিএ ৩৭ শতাংশ, ভিবিএ ৩ শতাংশ, অন্যান্যরা ১২ শতাংশ। ৩১ শতাংশ মতদাতা একনাথ শিণ্ডেকেই ফের মুখ্যমন্ত্রী পদে দেখতে চান। ১৮ শতাংশ বলেছেন উদ্ধব ঠাকরেকে। দেবেন্দ্র ফড়নবীশকে চান ১২ শতাংশ। কংগ্রেসের যে কাউকে দেখতে চেয়েছেন ১০ শতাংশ। বেশিরভাগ এগজিট পোল ও পোল অব পোলসে মহায়ুতির জেতার কথাই বলা হয়েছে। সেই তালিকায় যোগ হলো অ্যাক্সিস মাই ইন্ডিয়া।
মহায়ুতিতে বিজেপি ছাড়াও রয়েছে শিবসেনা (শিণ্ডে), এনসিপি (অজিত পওয়ার), জেএসস, আরএসভিএ ও আরওয়াইএসপি। এমভিএ বা মহা বিকাশ অঘাড়িতে রয়েছে কংগ্রেস, শিবসেনা (উদ্ধব ঠাকরে), এনসিপি (শরদ পওয়ার), এসপি ও পিডব্লিউপিআই। অন্যান্যদের মধ্যে রয়েছে বিএসপি, বিভিএস এমএনএস, আরএসপি, পিজেপি, এমএসপি, এএসপি (কেআর), এসডব্লিউপি, এআইএমআইএম, নির্দল।












Click it and Unblock the Notifications