শেষ হয়ে গেল মহাকুম্ভ মেলা ২০২৫, প্রয়াগরাজের এই ৪৫ দিনের অনুষ্ঠানকে কীভাবে ব্যাখ্যা করল বিশ্ব মিডিয়া? দেখে নিন
৪৫ দিনের মহাকুম্ভ মেলা আজ শেষ হয়ে গেল। এই উপলক্ষে ২৬ ফেব্রুয়ারি, বুধবার, দেশ-বিদেশের লক্ষ লক্ষ তীর্থযাত্রী ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান সারেন। ১২ বছর অন্তর অনুষ্ঠিত হওয়া এই বৃহৎ ধর্মীয় সমাবেশটি ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছিল। আর শেষ হল আজ মহাশিবরাত্রির দিনে।
সরকারি তথ্য অনুযায়ী, এবারের মহাকুম্ভ মেলায় প্রায় ৬৫ কোটি ভক্ত অংশগ্রহণ করেছেন, যা এখনও পর্যন্ত রেকর্ড সংখ্যা বলেই ধরা হচ্ছে।

এই বিশাল মাত্রার ধর্মীয় আয়োজন আন্তর্জাতিক গণমাধ্যমেরও ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। যেমন -
১) 'ওয়াল স্ট্রিট জার্নাল' তাদের প্রতিবেদনে জানিয়েছে, মহাকুম্ভে যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার চেয়েও বেশি সংখ্যক তীর্থযাত্রী এসেছেন। তারা খবরের শিরোনাম করেছে - 'This Indian Festival Hosts More Pilgrims Than the Population of the U.S.'
২) 'দ্য হাফিংটন পোস্ট' একে বিশ্বের বৃহত্তম তীর্থযাত্রা বলে উল্লেখ করেছে এবং এর আচার-অনুষ্ঠান ও ধর্মীয় বিশ্বাসের বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে।
৩) 'রয়টার্স' তাদের প্রতিবেদনে ২০২৫ সালের 'ডিজিটাল মহাকুম্ভ' নিয়ে আলোচনা করেছে, যেখানে উন্নত প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নিরাপত্তা ও সমন্বয় ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে কীভাবে সেই বিষয়টিকেই তুলে ধরা হয়েছে।
৪) 'সিএনএন' ছাই-মাখা নাগা সাধুদের আগমনের খবর প্রচার করেছে, যা মহাকুম্ভের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে আরও দৃঢ়ভাবে তুলে ধরেছে।
৫) 'নিউ ইয়র্ক টাইমস' একে "পবিত্র সমাবেশ" বলে আখ্যা দিয়ে বলেছে যে বিশ্বজুড়ে ভক্ত, পর্যটক, রাজনীতিবিদ ও সেলিব্রিটিরা এই মহাযজ্ঞে অংশ নিয়েছেন।
শেষ দিনে বিশাল জনসমাগম
মহাশিবরাত্রির দিনে ভোর রাত থেকেই ভক্তদের ঢল নামে ত্রিবেণী সঙ্গমে।
বুধবার ভোররাত ২ টোয় ১১ লক্ষ ৬৬ হাজার ভক্ত স্নান করেন।
সকাল ৬টা: ৪১ লক্ষ ১১ হাজার তীর্থযাত্রী পবিত্র স্নান সম্পন্ন করেন।
সকাল ১০টা: মোট ৮১ লক্ষ ৯ হাজার ভক্ত গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতীর সঙ্গমস্থলে শেষ 'স্নান' করেন।
এ বছর এই মহাকুম্ভের পবিত্র অবসরে দুটি মারাত্মক পদপিষ্টের ঘটনা ঘটেছে, যাতে বেশ কয়েকজন ভক্ত প্রাণ হারিয়েছেন। গত ২৯ জানুয়ারি এক ভয়াবহ পদদলিতের ঘটনায় কমপক্ষে ৩০ জন নিহত ও ৯০ জন আহত হন। তারপর ১৫ ফেব্রুয়ারি নয়াদিল্লির রেল স্টেশনে প্রয়াগরাজগামী ট্রেন ধরতে গিয়ে ১৮ জন পদপিষ্টের শিকার হন। তবে এসব দুর্ঘটনা সত্ত্বেও ভক্তদের ঢল থামেনি, এবং কুম্ভ মেলাকে সফল হিসেবে দেখছে ভারত সরকার। আর সেই চিত্রই এবার ধরা পড়ল বিদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে।












Click it and Unblock the Notifications