Maha kumbh: বিবিধের মাঝে মহাকুম্ভে 'মিলন মহান', মকর সংক্রান্তির ভোরে 'অমৃত স্নান' সারলেন অসংখ্য পুণ্যার্থী
Maha kumbh 2025: প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। সোমবারের পর মঙ্গলবারও পুণ্যস্নান (Holy dip) সারলেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। মঙ্গলবার মকর সংক্রান্তির (Makar Sankranti 2025) সকালে প্রয়াগরাজে (Prayagraj Triveni) ত্রিবেণী সঙ্গমে প্রবল ঠান্ডার মধ্যেই পবিত্র স্নান সারতে দেখা গেল অসংখ্য ভক্তকে। শাস্ত্রে এটিকেই বলে অমৃত স্নান (Amrit Snan)।
হিন্দুধর্মে অন্যতম বড় উৎসব মকর সংক্রান্তি। সারা দেশজুড়েই বিভিন্ন নামে পালিত হয় এই উৎসব। পৃথিবীর দক্ষিণায়ন থেকে উত্তরায়ণের দিন শুরু হয় এদিন থেকেই। এদিন মুম্বই থেকে আগত অলকা দাদওয়াল নামে এক পুণ্যার্থী জানান, মহাকুম্ভে বৈচিত্রের মধ্যে ঐক্য রয়েছে।

দেশের নানা প্রান্ত থেকে নানা ধর্মের মানুষ এসেছেন মহাকুম্ভের মেলা পরিদর্শন করতে। সংবাদসংস্থা এএনআইকে ওই পুণ্যার্থী জানান, মহাকুম্ভে এসে মকর সংক্রান্তি পালন করতে পেরে তিনি নিজেকে খুবই ভাগ্যবান বলে মনে করছেন। এত বড় মেলাকে ঘিরে সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনারও প্রশংসা করেন তিনি।
পুলিশের তরফে সবরকম সহযোগিতা করা হচ্ছে বলে জানান পুণ্যার্থীরা। যোগী আদিত্যনাথের প্রশাসনের ভূয়সী প্রশংসা করতে দেখা যায় পুণ্যার্থীদের। মেলার পরিচ্ছনতা নিয়েও প্রশংসা করেন অপর এক পুণ্যার্থী। এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এত বিপুল ভক্ত সমাগম সত্ত্বেও প্রশাসন যেভাবে তা নিয়ন্ত্রণ করছে ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা হচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়।
মকর সংক্রান্তির ভোরে প্রথমেই প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে অমৃত স্নান সারেন শ্রী পঞ্চবটি আখাড়া মহানির্বাণী ও শ্রী শম্ভু পঞ্চবটি অটল আখাড়ার সাধুসন্তরা। অমৃত স্নানের উদ্দেশ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা করতে দেখা যায় মহানির্বাণী পঞ্চবটি আখাড়াকে।
জুনা আখাড়ার আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী অবধেশানন্দ জানান, মকর সংক্রান্তিতে প্রথমে শিব অনুসারী ৭টি আখাড়া অমৃত স্নান সারবে। এরপরে ৩টি বৈষ্ণব আখাড়া স্নান সারবে। তাদের সম্পন্ন হলে বাকি আখাড়াগুলির সাধুরা একে একে পুণ্যস্নান সারবেন।
সারা বিশ্বে অন্যতম বড় উৎসব মহাকুম্ভ মেলা। ভারতের চারটি স্থানের মধ্যে প্রতি ১২ বছর অন্তর যেকোনও একটি স্থানে মহাকুম্ভের যোগ প্রাপ্তি হয়। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত পূর্ণ মহাকুম্ভ থাকবে। ১৪ জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার গোটা দিন মকর সংক্রান্তিতে প্রথম পুণ্যস্নান সারছেন ভক্তরা।
এরপর শাহি স্নানের তারিখ রয়েছে ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যার দিন। তৃতীয় শাহি স্নান বসন্ত পঞ্চমী অর্থাৎ ৩ ফেব্রুয়ারিতে। এরপর ১২ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা ও ২৬ ফেব্রুয়ারি মহা শিবরাত্রিতে ফের শাহি স্নান সারবেন ভক্তরা।












Click it and Unblock the Notifications