Maha Kumbh 2025: কুম্ভনগরী প্রয়াগরাজে ব্যবসায় শ্রীবৃদ্ধি, দ্বিগুণেরও বেশি লাভ; মহাকুম্ভে লাফিয়ে বাড়ছে মুনাফা
Maha Kumbh Mela: রবিবার সপ্তম দিনে পড়ল মহাকুম্ভ মেলা। মহাকুম্ভ ঘিরে মহোৎসব প্রয়াগরাজে (Prayagraj)। কুম্ভনগরীকে কার্যত চেনাই যাচ্ছে না। বিশ্বের সবচেয়ে বড় জমায়েতে কোটি কোটি পুণ্যার্থীর (Devotees) ভিড়। প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও পুরাণে বর্ণিত সরস্বতী নদীর পবিত্র সঙ্গমে (Triveni Sangam) পুণ্য স্নান (Holy Dip) সারছেন সাধুসন্ত থেকে সারি সারি জনতা। উৎসবের প্রভাবে ফুলেফঁপে উঠেছে ব্যবসা বাণিজ্যও।
সূত্রের খবর, মহাকুম্ভের সাত দিনেই প্রয়াগরাজ শহরে বিভিন্ন ব্যবসা বাণিজ্য প্রায় ২ থেকে ৩ গুণ লাভের মুখ দেখেছে। সবচেয়ে বেশি লাভবান হয়েছে হোটেল শিল্প। হোটেলগুলিতে ঠাসা ভিড় পর্যটক থেকে পুণ্যার্থীদের। আগামী বেশ কয়েকদিনেও হোটেলের রুম খালি নেই বলেই জানা গিয়েছে। পরপর বুকিং রয়েছে বিভিন্ন হোটেলে। শুধু তাই নয়, খাবার বিক্রি, কম্বল ও উলের গরম জামাকাপড় বিক্রি-সহ বেড়েছে ইলেকট্রনিক বিভিন্ন সরঞ্জাম বিক্রির সংখ্যাও।

১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ স্নান। কিন্তু ২৫ ডিসেম্বর থেকেই মহাকুম্ভ নগরীতে আসতে শুরু করেছেন পুণ্যার্থী থেকে আমজনতা। শুধু দেশ নয়, বিদেশ থেকেও প্রচুর ভক্তের সমাগম হয়েছে পবিত্র সঙ্গমস্থলে। এখনও পর্যন্ত ৭ কোটি পুণ্যার্থী ত্রিবেণী সঙ্গমে স্নান সেরেছেন। যার সিংহভাগই পৌষ পূর্ণিমা ও মকর সংক্রান্তিতে অমৃত স্নান সেরেছেন। আর যার জেরেই গত সপ্তাহে ব্যাপকভাবে ব্যবসা বৃদ্ধি হয়েছে প্রয়াগরাজে। প্রায় সব ধরনের ব্যবসাতেই লাভের মুখ দেখছেন ব্যবসায়ীরা।
প্রয়াগরাজ হোটেল ও রেস্তোরাঁ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দাবি প্রেসিডেন্ট হরজিন্দর সিং বলেন, প্রচুর পুণ্যার্থী হোটেল বুকিং করেছেন। ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত লাভ করতে পেরেছে হোটেল শিল্প। আগামিদিনে ৫০ শতাংশ পর্যন্ত মুনাফা অর্জনের আশা রয়েছে। অন্যদিকে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের রাজ্য সভাপতি মহেন্দ্র গোয়লের দাবি, মহাকুম্ভ থেকে প্রায় আড়াই থেকে তিন হাজার কোটি টাকার ব্যবসা হতে পারে।
সেন্ট্রাল ট্রেড বোর্ডের সাধারণ সম্পাদক শিব শঙ্কর সিংয়ের দাবি, এফএমসিজি প্রোডাক্ট বা বিভিন্ন স্টেশনারী ও প্রসাধনী দ্রব্যের বিক্রিও লাফিয়ে বেড়েছে। এমনকি গাড়ি ভাড়া ও বিক্রি, সিসিটিভি ক্যামেরা বিক্রি, কেবল ও খাদ্যদ্রব্য বিক্রিও বেশ বেড়েছে বলে জানান তিনি। মকর সংক্রান্তির স্নান পর্যন্ত খুচরো ব্যবসাও ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। এরপর মৌনী অমাবস্যার অমৃত স্নানে ফের তা বৃদ্ধি পাবে বলে আশাবাদী তিনি।
রবিবার ১৯ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রায় ১৭ লক্ষ পুণ্যার্থী স্নান সেরেছেন মহাকুম্ভের পবিত্র সঙ্গমে। উত্তরপ্রদেশ সরকারের প্রকাশিত পরিসংখ্যান থেকে এমনটাই জানা গিয়েছে। আগামীতে আরও চারটি শাহী স্নানের তারিখে পুণ্যার্থীদের সংখ্যা আরও বাড়বে বলে আশা রয়েছে। পরবর্তী শাহী স্নান ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যার দিন। তৃতীয় শাহী স্নানের তারিখ ৩ ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর দিন। এরপর ১২ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা ও ২৬ ফেব্রুয়ারি মহা শিবরাত্রির দিন শাহী স্নানের তারিখ রয়েছে। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কুম্ভ মেলা।












Click it and Unblock the Notifications