Maha Kumbh Stampede: মৌনী অমাবস্যার দিনই মহাকুম্ভে আরও ২ স্থানে পদপিষ্টের ঘটনা! নতুন রিপোর্টে চাঞ্চল্য
Maha Kumbh Stampede: মহাকুম্ভ মেলায় পদপিষ্টের ঘটনায় এবার চাঞ্চল্যকর রিপোর্ট (New Report) প্রকাশ্যে এল। পদপিষ্টের ঘটনা যোগীর প্রশাসন ধামাচাপা দিচ্ছে বলে বিরোধীরা আগেই অভিযোগ করেছিল। আর এবার নতুন রিপোর্টে দাবি, বুধবার মৌনী অমাবস্যার দিন আরও দুটি সংঘর্ষের (Crowd Crash) ঘটনা ঘটেছিল সেখানে।
মহাকুম্ভ মেলা চত্বর থেকে কয়েক কিলোমিটার অদূরেই ওই ঘটনা ঘটে বলে দাবি। দ্বিতীয় সংঘর্ষের ঘটনা দাবি করে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় বেশকিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হয়েছে, ঝুঁসি এলাকায় গঙ্গার তীরে দ্বিতীয় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মহাকুম্ভ মেলা থেকে ৩ কিলোমিটার দূরে কয়েক ঘণ্টার ব্যবধানে সংঘর্ষের ঘটনা ঘটে বলে দাবি। শুধু সেখানেই ভিড়ের জেরে দমবন্ধ হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে ভিডিওতে।
যদিও মেলার দায়িত্বে থাকা ডিআইজির দাবি, সঙ্গমের সামনে পদপিষ্টের ঘটনায় ৩০ জন পুণ্যার্থী মারা গিয়েছেন ও ৬০ জন জখম হয়েছেন। ঝুঁসি এলাকায় দ্বিতীয়বার সংঘর্ষের কোনও খবর তাদের কাছে নেই। যদিও সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ঘুরছে, তার ভিত্তিতে তদন্ত করা হবে বলে জানান তারা।
শুক্রবার নতুন রিপোর্টে দাবি, মৌনী অমাবস্যার দিন ওল্ড জিটি রোডের কাছে সেক্টর ১০-এ তৃতীয় পদপিষ্টের ঘটনা ঘটে। তাতে ৭ জন মহিলার মৃত্যু হয় বলে দাবি। মহামণ্ডলেশ্বরের গাড়ির জন্য রাস্তা ফাঁকা করা হচ্ছিল বলে দাবি রিপোর্টে।
দু'ধারে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে তাদের মৃত্যু হয় বলে দাবি করা হয়েছে রিপোর্টে। যদিও মহাকুম্ভের সঙ্গমে পদপিষ্টের ঘটনার পর থেকেই ভিভিআইপি পাস দেওয়া বন্ধ করে নো ভেহিকেল জোন ঘোষণা করা হয়েছে প্রশাসনের তরফে।
এদিকে, তিন তিনটি আলাদা ঘটনার রিপোর্ট সামনে আসতেই একযোগে সরব হয়েছে বিরোধীরা। মোট মৃত্যুর সংখ্যা লুকিয়ে যোগীর সরকারের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ এনেছেন তারা। মেলা কর্তৃপক্ষের তরফেও একাধিক প্রশ্ন ধামাচাপা দেওয়ার চেষ্টা চলেছে বলে অভিযোগ।
কিছু জায়গায় অত্যধিক ভিড় হলেও পদপিষ্টের ঘটনা আর ঘটেনি বলে দাবি এক শীর্ষস্থানীয় পুলিশ আধিকারিকের। সোশ্যাল মিডিয়ায় বিকৃত ভিডিও পোস্ট করে প্যানিক ছড়ানো হচ্ছে বলেও দাবি মেলা কর্তৃপক্ষের এক শীর্ষ আধিকারিকের।












Click it and Unblock the Notifications