Maha Kumbh 2025: যোগীরাজ্যে ‘ডিজিটাল মহাকুম্ভ’, চোর-ডাকাত থেকে গাড়ির নম্বরপ্লেট ধরবে এআই

Maha Kumbh 2025: প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা দোরগোড়ায়। দেশ বিদেশ থেকে লাখ লাখ পুণ্যার্থীর (Pilgrims) সমাগম হতে চলেছে পুণ্য তীর্থে। আর এবার কুম্ভ মেলাতেও এআই-এর (Artificial Intelligence) প্রয়োগ। নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করতে এবছর ডিজিটাল প্রযুক্তির উপর জোর দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। ইতিমধ্যেই পুণ্যার্থীদের জন্য ডিজি কুম্ভ অ্যাপেরও সূচনা করেছে উত্তরপ্রদেশ সরকার।

ডিজি কুম্ভ (DIGI Kumbh) অ্যাপ মারফত এআই প্রযুক্তি নির্ভর নজরদারি চালাবে প্রশাসন। নিরাপত্তা সংক্রান্ত সরঞ্জামের ব্যাপারেও তথ্য থাকবে ডিজি কুম্ভ অ্যাপেই। ডিজিটাল সিকিউরিটি ছাড়াও প্রায় ৩৭ হাজার পুলিশ মোতায়েন থাকবে কুম্ভ মেলায়। তাদের মধ্যে ১ হাজার ৩৭৮ জনই মহিলা পুলিশ। পুলিশের সঙ্গে সহযোগিতা করবে সাইবার বিশেষজ্ঞ ও গোয়েন্দা স্কোয়াড।

Maha Kumbh Mela

প্রশাসনিক আধিকারিকদের মতে, বিগত বছরগুলির তুলনায় চলতি বছরে সবচেয়ে বেশি আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। এবছর মোট ২৭৫০টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে মহাকুম্ভ মেলায়। প্রত্যেকটি ক্যামেরা এআই প্রযুক্তি নির্ভর। প্রায় ৪০ কোটি পুণ্যার্থীর উপর নজরদারি চালানো হবে এই সিসি ক্যামেরাগুলির মারফত।

১০৮টি ক্যামেরা রাখা হচ্ছে গাড়ির নম্বর প্লেট চিহ্নিত করার জন্যে। ২৬৮টি ক্যামেরা এআই-এর ভিডিয়ো অ্যানালিটিক্সকে কাজে লাগিয়ে পুণ্যার্থীদের গতিবিধির উপর নজর রাখবে। ২৪০টি এআই ক্যামেরা গাড়ির সংখ্যা গুনবে। ট্র্যাফিক ও পার্কিং ব্যবস্থা যাতে বিঘ্নিত না হয় সেদিকটি খেয়াল রাখা হবে এই ক্যামেরাগুলির মাধ্যমে। এআই নির্ভর হলেও ক্যামেরাগুলি কতটা যথাযথ কাজ করবে তা নিয়ে অবশ্য সন্দিহান প্রশাসনিক আধিকারিকরা।

মেলা চত্বরে সাইবার থানাও স্থাপন করা হয়েছে। মেলায় সাইবার ক্রাইম, অনলাইনে জালিয়াতি, এসব ঠেকাতে একটি আলাদা টিম কাজ করবে বলে জানিয়েছে প্রশাসন। ১৪ জনের একটি টিম মোবাইল চুরি ও সাইবার প্রতারণার অভিযোগ খতিয়ে দেখবে।

ইতিমধ্যেই ২৫টি মোবাইল চুরির অভিযোগ দায়ের হয়েছে বলে খবর প্রশাসনের তরফে। তার মধ্যে মাত্র ৫টি মোবাইল উদ্ধার হয়েছে। জিআইএস-এর ব্যবহার করে মেলার ম্যাপও প্রকাশ করা হয়েছে। ১০টি জোনে ও ২৫টি সেক্টরে ভাগ করা হয়েছে গোটা মেলা চত্বরকে। সব মিলিয়ে এবারের মহাকুম্ভ মেলায় ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে নজির গড়ার পথে উত্তরপ্রদেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+