Maha Kumbh Mela 2025: মহাকুম্ভে ১০ দেশের ২১ প্রতিনিধি, বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েতে বিদেশিরাও
Maha kumbh Mela 2025: বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন মহাকুম্ভ মেলায়। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে (Prayagraj) দেশ বিদেশের নানা প্রান্ত থেকে সাধুসন্ত ও পুণ্যার্থীদের ভিড়। বৃহস্পতিবার ১০টি দেশের মোট ২১ জন সদস্যের প্রতিনিধি দল (Foreign Delegations) পরিদর্শন করলেন কুম্ভমেলা। প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও পুরাণে বর্ণিত সরস্বতী নদীর সঙ্গমস্থল ঘুরে দেখেন তারা।
বৃহস্পতিবার যোগীরাজ্যে (Yogi Adityanath) পা পড়ে একাধিক বিদেশি প্রতিবনিধিদের। ফিজি, ফিনল্যান্ড, গুয়ানা, মালয়েশিয়া, মরিশাসন, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ত্রিনিদাদ, টোবাগো ও সংযুক্ত আরব আমিরশাহী থেকে এদিন প্রতিনিধিরা এসেছিলেন ঐতিহ্যের মহাকুম্ভ মেলা পরিদর্শনে। সঙ্গমস্থলে পুণ্যস্নানও (Holy Dip) সারেন তারা।

গুয়ানার প্রতিনিধি ডেনেশ পারসদ এদিন সংবাদসংস্থা এএনআইকে জানান, গঙ্গায় পুণ্যস্নান সেরে স্বপ্ন সার্থক হওয়ার মতো অনুভূতি। তিনি বলেন, "এখানে বরাবর আসার ইচ্ছে ছিল, একইসঙ্গে পবিত্র গঙ্গায় স্নানেরও ইচ্ছে ছিল। অবশেষে সেই ইচ্ছে পূরণ হল।" বাকিদেরও মহাকুম্ভে এসে অমৃত স্নান সারতে আহ্বান জানান পারসদ।
সংযুক্ত আরব আমিরশাহী থেকে এসেছেন স্যালি এল আজাব। তিনি বলেন, "সুদূর মধ্যপ্রাচ্য থেকে আমি এসেছি। মহাকুম্ভ সত্যিই অসাধারণ একটি উৎসব। গোটা বিশ্বে সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত এটি।" মহাকুম্ভে যোগীর প্রশাসন ও পুলিশের ব্যবস্থাপনার প্রশংসাও করেন তিনি। বিদেশি প্রতিনিধিদের ভারতে আসার আমন্ত্রণ আগেই পাঠিয়েছিল বিদেশমন্ত্রক। আরাইল শহরে তাদের থাকার ব্যবস্থাও করা হয়েছে উত্তরপ্রদেশ সরকারের পর্যটন দফতরের তরফে।
৪৫ দিন ব্যাপী চলা মহাকুম্ভের চতুর্থ দিন ছিল বৃহস্পতিবার। হাজার হাজার পুণ্যার্থী এদিন সঙ্গমে পুণ্যস্নান সারেন। এখনও পর্যন্ত ৬ কোটি পুণ্যার্থী মহাকুম্ভে এসেছেন। ১৪ জানুয়ারি মকরসংক্রান্তির দিনই সাড়ে তিন কোটি পুণ্যার্থী মহাকুম্ভে সামিল হন।
ভিড়ে যাতে কেউ নিখোঁজ না হয়ে যান, তার জন্যে এআই নির্ভর কম্পিউটারাইজড লস্ট ও ফাউন্ড সেন্টার স্থাপন করা হয়েছে মেলা চত্বরে। এছাড়াও সিসিটিভি, পুলিশ-সহ নিরাপত্তায় একাধিক আঁটসাঁট ব্যবস্থা নিয়েছে যোগী আদিত্যনাথের সরকার।
১৩ জানুয়ারি শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে এর মধ্যে শাহী স্নানের জন্যে রয়েছে বিশেষ কিছু তারিখ। মকরসংক্রান্তির পর সঙ্গমে শাহী স্নানের আসন্ন তারিখগুলি হল, ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যার দিন। তৃতীয় শাহী স্নানের তারিখ ৩ ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর দিন। এরপর ১২ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা ও ২৬ ফেব্রুয়ারি মহা শিবরাত্রির দিন শাহী স্নানের তারিখ রয়েছে।












Click it and Unblock the Notifications