Nepal Earthquake: নেপালে ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ; রিখটার স্কেলে মাত্রা ৫
Nepal Earthquake: ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। শুক্রবার সন্ধে সাতটা ৫২ মিনিটে কম্পন অনুভূত হয়েছে বলে খবর। ভূগর্ভস্থে ২০ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল বলে জানা গিয়েছে। রিখটার স্কেলে নেপালে ভূমিকম্পের মাত্রা ৫। নেপালে ভূমিকম্পের জেরে কেঁপে উঠেছে উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ। দিল্লি এনসিআর-সহ উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয় কম্পন।
নেপালের গরখাকোট থেকে ৩ কিলোমিটার দূরেই ভূমিকম্পের উপকেন্দ্র বলে জানা গিয়েছে। সক্রিয় ভূমিকম্প প্রবণ জোনের উপর অবস্থিত নেপাল। সিসমিক জোন ৪ ও ৫-এর আওতায় রয়েছে নেপাল। বৃহস্পতিবারই ভূমিকম্পে কেঁপে উঠেছিল মহারাষ্ট্রের সোলাপুর। রিখটার স্কেলে মাত্রা ছিল ২.৬। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, মহারাষ্ট্রে ভূমিকম্পের ২৪ ঘণ্টা না পেরোতেই এবার নেপালে ভূমিকম্প।

দিনকয়েক আগেই ভয়াবহ ভূমিকম্প হয়েছে মায়ানমারে। শুক্রবার ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমার। পরপর আফটারশকে আরও ভয়াবহ হয় পরিস্থিতি। শুধু শুক্রবারই ১০ ঘণ্টার ব্যবধানে ১৪টি আফটারশক হয় বলে খবর। মায়ানমারের পাশাপাশি কেঁপে ওঠে থাইল্যান্ড, লাওস, ভারত, বাংলাদেশ, চিন। থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককেও মারাত্মক ক্ষয়ক্ষতি হয়।
মায়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ইতিমধ্যেই ৩ হাজার ছাড়িয়েছে। এক সপ্তাহ পার হলেও জারি রয়েছে উদ্ধারকার্য। ধ্বংসাত্মক ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত ৪ হাজার ৭১৫ জন মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে মায়ানমারের সেনা সরকার। তবে এখনও পর্যন্ত ধ্বংসস্তূপের মাঝে নিখোঁজ রয়েছেন ৩৪১ জন। গত শুক্রবারের ভূমিকম্পের উপকেন্দ্র ছিল মায়ানমারের মান্দালয়।
মায়ানমারের ভূমিকম্পের জেরে চিনের ইউনান প্রদেশে ৭.৯ তীব্রতার কম্পন অনুভূত হয়। চিন-মায়ানমার সীমান্তে ব্যাপক কম্পন অনুভূত হয়েছে। ভারতের মেঘালয়ের পূর্ব গারো পর্বতে ভূমিকম্প অনুভূত হয়। এমনকি এরাজ্যের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গেও অনুভূত হয় কম্পন।












Click it and Unblock the Notifications