কর্ণাটক, গুজরাতে উঠল নিষেধাজ্ঞা, বাজারে ফিরছে ম্যাগি!
নয়াদিল্লি, ১৯ অক্টোবর : বম্বে হাইকোর্টের মনোনীত তিন পরীক্ষাগারে ম্যাগির নমুনা পাস হওয়ার দুদিনের মাথায় এবার কর্ণাটক ও গুজরাত সরকার নেসলে দ্রব্যের উপর থেকে নিষেধাজ্ঞা তোলার সিদ্ধান্ত নিয়েছে।
কর্ণাটকের মন্ত্রী ইউটি কাদের বলেন, ম্য়াগিতে এমএসজির অনুমতিপ্রাপ্ত পরিমাণ নিয়ে কোনও স্বচ্ছতা না থাকায় সরকার ম্যাগিতে নিষেধাজ্ঞা জারি করতে বাধ্য হয়েছিল।

গুজরাতের স্বাস্থ্যমন্ত্রী নীতিন পটেলও ম্যাগি থেকে নিষেধাজ্ঞা তোলার সিদ্ধান্ত নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গত মাসেই বম্বে হাইকোর্ট সংস্থাকে দ্রব্য বিক্রি করার অনুমতি দেওয়ার পরই এরাজ্যে নিষেধাজ্ঞা তোলা হয়েছিল। এখন কোনও বিধিনিষেধ নেই।
ম্যাগির ৬ ধরনের ৯০টি নমুনার প্রত্যেকটি হাইকোর্টের মনোনীত পরীক্ষাগারে করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে যে পরিমাণ এমএসজি ও সীসা থাকার অনুমোদন রয়েছে তার চেয়ে অনেক কম পরিমাণ এমএসজি ও সীসা রয়েছে ম্যাগিতে।
এছাড়াও আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রিটেন, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়ার বিভিন্ন পরীক্ষাগারে ম্যাগির নমুনা পরীক্ষা করে দেখা গিয়েছে ভারতে তৈরি হওয়া ম্যাগি নিরাপদ। যদিও মহারাষ্ট্র সরকার এত সহজে নেসলেকে ছাড়তে নারাজ। তারা এই সংস্থাকে সুপ্রিম কোর্টে টেনে নিয়ে যেতে চাইছে।












Click it and Unblock the Notifications