কোভিড বিধি এড়াতে ১৬১ জন অতিথি নিয়ে বিমানে বিয়ে সারলেন তামিলনাড়ুর এই যুগল
বিমানে বিয়ে সারলেন তামিলনাড়ুর এই যুগল
বিবাহ বা বিয়ে এমনই এক সারা জীবনের বন্ধন যেখানে দম্পতিরা তাঁদের কাছের ও প্রিয় মানুষদের উপস্থিতিতে একে–অপরের সঙ্গে অঙ্গীকারবদ্ধ হন। তবে কোভিড–১৯ মহামারির জন্য অনেক রাজ্য ও শহরেই কার্ফু ও বিয়েতে সীমিত সংখ্যায় অতিথির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যার ফলস্বরূপ, শত শত যুগল, যাঁরা এই মহামারির সময়ে বিয়ে করছেন তাঁদের অতিথি তালিকা সংক্ষিপ্ত করতে হয়েছে।

তবে এই নিয়ম–বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে তামিলনাড়ুর মাদুরাইয়ের এক যুগল তাঁদের বিয়ের অভিনব পরিকল্পনা অবাক করেছে সকলকে। তাঁদের বিয়ের অনুষ্ঠানে তাঁরা কাউকেই বাদ দেননি অতিথি তালিকা থেকে। এই যুগল মাদুরাই–বেঙ্গালুরুগামী গোটা একটি বিমান ভাড়া করেন নিজেদের বিয়ের জন্য এবং যখন এই বিমান মাদুরাই মীনাক্ষি আম্মা মন্দিরের ওপর আসে তখনই নববধূকে মঙ্গলসূত্র পরান বর। ১৬১ জন আত্মীয় সেই সময় উপস্থিত ছিলেন বিমানে।
রাকেশ–দক্ষিণা উভয়ই মাদুরাইয়ের বাসিন্দা। তাঁরা দু’জনেই সিদ্ধান্ত নেন যে তামিলনাড়ুতে কার্ফু ও বিয়ের ওপর নিষেধাজ্ঞা জারি থাকার কারণে তাঁরা আকাশপথে বিয়ে সারবেন ২ ঘণ্টার জন্য বিমান ভাড়া করে। বিয়ের এই অভিনব পদ্ধতির ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। টুইটারে একজন এই ভিডিও পোস্ট করে তাতে ক্যাপশনে লেখেন, 'মাদুরাইয়ের রাকেশ–দক্ষিণা, যাঁরা ২ ঘণ্টার জন্য বিমান ভাড়া করে আকাশপথে বিয়ে সারলেন। পরিবারের সদস্যরা মাদুরাই থেকে বেঙ্গালুরু উড়ে এসেছেন এবং বিয়ের পর বেঙ্গালুরু থেকে মাদুরাই ফিরে গেলেন স্পাইস জেটের বিমানে।’
ছোট্ট ভিডিও ক্লিপে দেখা গিয়েছে যে বিয়ের অনুষ্ঠানে আত্মীয়দের উপস্থিতিতে বর নববধূকে মঙ্গলসূত্র পরানোর চেষ্টা করছেন এবং সকলে নবদম্পতির ওপর ফুল ছড়াচ্ছেন। এই ভাইরাল ভিডিও ইতিমধ্যেই ১৬০০ দর্শকের চোখে পড়েছে। প্রসঙ্গত, তামিলনাড়ুতে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। দৈনিক আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে মহারাষ্ট্রের পরই রয়েছে তামিলনাড়ুর নাম।












Click it and Unblock the Notifications