Madhya Pradesh New CM: মধ্যপ্রদেশে বড় চমক বিজেপির! উজ্জয়িনীর বিধায়ক হচ্ছেন নতুন মুখ্যমন্ত্রী, থাকছেন ২ DCMও
Madhya Pradesh New CM: বিধানসভা নির্বাচনে ফল বেরনোর আটদিন পরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম নিয়ে সব জল্পনার অবসান হল। বিজেপি পরিষদীয় দলের বৈঠকে নাম নিয়ে ঐকমত্য হয়েছে। সংঘ ঘনিষ্ঠ মোহন যাদবকে বেছে নিয়েছেন, বিজেপির বিধায়করা। মোহন যাদব উজ্জয়িনী দক্ষিণের বিধায়ক। মধ্যপ্রদেশের দুই উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন, জগদীশ দেবদা এবং রাজেন্দ্র শুক্লা।
জানা গিয়েছেন, এদিন বিজেপি পরিষদীয় দলের বৈঠকে মোহন যাদবের নাম প্রস্তাব করেন বিদায়ী মুখ্যমন্ত্রী শিব়রাজ সিং চৌহান। তারপরেই সব জল্পনার অবসান হয়ে যায়। অন্যদিকে নরেন্দ্র সিং তোমার মধ্যপ্রদেশ বিধানসভার অধ্যক্ষ হতে চলেছেন বলে জানা গিয়েছে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভোপাল উপস্থিত ছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে পাঠানো পর্যবেক্ষক দল। সেই দলে ছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর, আশা লাকড়া এবং কে লক্ষ্মণ।
ভোপালে পৌঁছনোর পরে মনোহরলাল খট্টর এবং অন্য পর্যবেক্ষকরা মুখ্যমন্ত্রী বাসভবনে যান। সেখানে তাঁরা প্রথম কথা বলেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে। খট্টর ভোপালে পৌঁছনোর পর থেকে তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে গিয়েছেন দলের সভাপতি জেপি নাড্ডা।
এদিন ভোপালে বিজেপির দলীয় কার্যালয়ে বৈঠক হয়। সেই সময় প্রহ্লাদ প্যাটেল এবং শিবরাজ সিং চৌহানের সমর্থকরা পার্টি অফিসের বাইরে স্লোগান দেন। প্রসঙ্গক্রমে উল্লেখ করা যেতে পারে, এবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে শিবরাদ সিং চৌহান ছাড়াও ছিলেন, প্রহ্লাদ প্যাটেল, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, নরেন্দ্র সিং তোমার, কৈলাশ বিজয়বর্গীয়ের মতো নেতারা।
সেই জায়গায় দাঁড়িয়ে মোহন যাদবকে মুখ্যমন্ত্রী করাটা বিজেপির তরফে চমকই বটে। মোহন যাদবের নাম এই দৌড়ে ছিল না। এমন কী বিধায়কদলের বৈঠকের আগে হওয়া ফটোসেশনে মোহন যাদব ছিলেন পিছনের সারিতে। এদিন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার আগে প্রহ্লাদ প্যাটেলের বাসভবনের সামনে নিরাপত্তা জোরদার করা হয়।
এবারের মধ্যপ্রদেশ নির্বাচনে ২৩০ টি আসনের মধ্যে বিজেপি ১৬৩ টি আসন দখল করে। কংগ্রেস পায় ৬৬টি আসন।












Click it and Unblock the Notifications