মধ্যপ্রদেশ সরকারের আজব সিদ্ধান্ত, আউটডোরে রোগী দেখবেন জ্যোতিষীরা
মধ্যপ্রদেশে এবার রোগীদের চিকিৎসা করবেন জ্যোতিষীরা। সেপ্টেম্বরের তাঁদের জন্য খুলে দেওয়া হবে ওপিডি বা বহির্বিভাগ।
এবার সরকারিভাবে রোগ নিরাময় করতে চলেছেন জ্যোতিষীরা। সপ্তাহের দুদিন তাঁদের হাসপাতালের ওপিডিতে বসতে দিতে চলেছে রাজ্য সরকার। আগামী সেপ্টেম্বর মাস থেকেই এই ব্যবস্থা চালু হতে চলেছে মধ্যপ্রদেশে। জ্যোতিষী, বাস্তু বিশেষজ্ঞ ও ভবিষ্যতবক্তারা সেখানে মাত্র ৫ টাকার রেজিস্ট্রেশন ফি-র বিনিময়ে নানা সমস্যার প্রতিকার বাতলে দেবেন।

প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। গোটা দুনিয়াতেই এই মন্ত্র স্বীকৃত। কিন্তু ভবিষ্যৎ যদি আগেই জেনে নেওয়া যায় তাহলে ভবিষ্যতে হতে চলা রোগ- ব্যাধীও ঠেকানো সহজ। অন্তত এমনটাই মনে করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সেইসঙ্গে বাস্তু মেনে চললে অনেক রোগ- ব্যাধী, সমস্যাকেই আটকানো সম্ভব বলেও মনে করেন তিনি। আর সেকারণেই এবার মধ্য়প্রদেশে তিনি চালু করতে চলেছেন জ্যোতিষী, বাস্তু বিশেষজ্ঞ ও ভবিষ্যতবক্তাদের ওপিডি বা বহির্বিভাগ। মধ্যপ্রদেশ সরকারের সংস্থা মহর্ষি পতঞ্জলী সংস্কৃত সংস্থানের অভিজ্ঞ জ্যোতিষী ও বাস্তু বিশেষজ্ঞরা এই ওপিডিতে সপ্তাহের দুদিন করে বসবেন। সাধারণ মানুষকে নানা পরামর্শ দেওয়ার পাশাপাশি বিভিন্ন রোগের প্রতিকারও বাতলে দেবেন তাঁরা।

হাসপাতালের ওপিডিতে যেমন জুনিয়র ডাক্তাররা অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে কাজ করেন, এখানেও শিক্ষানবিশ জ্যোতিষীরা অভিজ্ঞদের সঙ্গে থেকে শিখতে পারবেন না বলে জানা গিয়েছে। প্রশিক্ষণ শেষে তাঁদের হাতে ডিপ্লোমা সার্টিফিকেটও তুলে দেওয়া হবে।












Click it and Unblock the Notifications