Madhya Pradesh Election 2023: রাত পোহালেই ভোট, কংগ্রেস না কী বিজেপি? কার দিকে পাল্লা ভারী?
রাত পোহালেই ভোট। মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচন ঘিরে পারদ ক্রমে চড়ছে। কংগ্রেস বনাম বিজেপি, যুযুঝান দুই পক্ষ লড়াইয়ের ময়দানে। লোকসভা ভোটের আগে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। মধ্যপ্রদেশ তার মধ্যে অন্যতম।
২৩০ টি বিধানসভা আসনে ভোটের লড়াই হবে। মোট ভোটারের সংখ্যা ৫.৬ কোটি। তার মধ্যে ২.৮৮ কোটি পুরুষ ও ২.৭২ কোটি মহিলা ভোটার। মধ্যপ্রদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় কৃষক সম্প্রদায়। ১৫০ টি বিধানসভা এলাকার ভোটাররা কৃষক সম্প্রদায়ভুক্ত। এমনই জানা গিয়েছে।

বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও কংগ্রেসের মুখ্যমন্ত্রী কমল নাথের মধ্যে লড়াই হবে। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল৷ অন্যদিকে কংগ্রেসের মধ্যেও দুই গোষ্ঠী রয়েছে। কমল নাথ ও দিগ্বীজয় সিং পক্ষ কি শেষ মুহূর্ত পর্যন্ত একসঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে? সেই প্রশ্নও উঠছে। ২৩০ টি আসনেই লড়াই কঠিন। তবে বিশেষ কয়েকটি আসনে লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।
ছিন্দওয়াড়া কেন্দ্রে লড়াই করছেন কমল নাথ। তিনি এই কেন্দ্র থেকেই আগে জিতেছেন। বিজেপি প্রার্থী বিবেক বান্টি সাহুর সঙ্গে লড়াই কতটা হবে? সেটা আলোচ্য বিষয়। ধর্মীয় লড়াই হচ্ছে এই কেন্দ্রে। কমল নাথের প্রচারে উঠে এসেছে 'হনুমান'ভক্তি। বান্টি আবার 'শিব'ভক্তির দিকে জোর দিয়েছেন।
কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং টোমর মোরেনা জেলার দিমানি থেকে প্রার্থী হয়েছেন। বিজেপি বিরোধীদের ভোটারদের দলে টানতে এটি গেরুয়া শিবিরের ভাবনা। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। এই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী রবীন্দ্র সিং টোমরও প্রচার ছিলেন যথেষ্ট।
চুরহাট কেন্দ্র অত্যন্ত নজরকাড়া। একসময় কংগ্রেসের দুর্গ এবং প্রাক্তন সাংসদ মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা অর্জুন সিংয়ের ঘাঁটি ছিল৷ এই আসন এখন বিজেপির দখলে। বিজেপি বিধায়ক শরদেন্দু তিওয়ারি ও অর্জুন সিংয়ের ছেলে অজয় সিংয়ের মধ্যে এখানে এবার লড়াই হবে।
দাতিয়া কেন্দ্র মধ্যপ্রদেশের আরেকটি হাইভোল্টেজ আসন। নরোত্তম মিশ্র ছয়বারের বিধায়ক। তিন বার এই কেন্দ্র থেকেই তিনি জিতেছেন। আরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হক বুধনি। শিবরাজ সিং চৌহানের এলাকা এটি। এখানে তাঁকে খুব একটা বেশি প্রচারও করতে হয় না। তার উপর মানুষের বরাবর জনসমর্থন থেকেছে। ১৯৯০ সালে তিনি প্রথম এই কেন্দ্র থেকে জিতেছিলেন। একাধিক অভিযোগ তাঁর বিরুদ্ধে উঠেছে বিভিন্ন সময়। তবে কোনওভাবেই তার ভোটব্যাঙ্কে সেই প্রভাব পড়েনি৷
ইন্দোর ১ বিধানসভা এলাকাও চর্চার মধ্যে আছে। বিজেপির কৈলাশ বিজয়বর্গীয় এই কেন্দ্রে প্রার্থী হয়েছেন। কংগ্রেস থেকে সঞ্জয় শুক্ল আরও একবার বিধায়ক হওয়ার জন্য লড়াই করছেন। এবার এই কেন্দ্রে ৩৪ হাজার ভোটার বেড়েছে।
মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচন বিজেপি ও কংগ্রেসের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দলই একাধিক তারকা প্রচার, রোড শোয়ের মধ্যে দিয়ে গিয়েছে। এখন মানুষ কি হাতে বিশ্বাস রাখবে? না কী গেরুয়া আবির পছন্দ করবে রাজ্যের বৃহত্তর অংশ?












Click it and Unblock the Notifications