মধ্যপ্রদেশ বোর্ড পরীক্ষায় 'আজাদ কাশ্মীর' বিতর্ক! প্রবল চাপে কমলনাথ সরকার
মধ্যপ্রদেশের বোর্ড পরীক্ষায় কাশ্মীর বিতর্ক। মধ্যপ্রদেশ বোর্ডের মাধ্যমিক স্তরের পরীক্ষা চলছে। বোর্ড পরীক্ষার সামাজিক বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে পাক-অধিকৃত কাশ্মীরকে 'আজাদ কাশ্মীর' বলে উল্লেখে তৈরি হয়েছে বিতর্ক। এর জেরে বেশ চাপে পড়েছে মধ্যপ্রদেশ সরকার। তীব্র সমালোচনার ঝড় উঠেছে দেশজুড়ে। মধ্যপ্রদেশ সরকার ও কংগ্রেসের পাকিস্তান প্রীতি নিয়ে তোপ দেগেছে বিজেপি।

সরকার বাঁচাতে হিমশিম খাচ্ছেন কমলনাথ
সম্প্রতি, মধ্যপ্রদেশের কংগ্রেস সরকারকে ফেলে দেওয়ার জন্য বিজেপি ঘোড়া কেনাবেচায় লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখমন্ত্রী তথা কংগ্রেস মেতা দিগ্বিজয় সিং। সরকার বাঁচানোর চাপে ইতিমধ্যেই নাজেহাল মুখ্যমন্ত্রী কমলনাথ। বিক্ষুব্ধ বিধায়কদের অনেকেই সিএএ ও এনআরসি সমর্থন করছেন বলে জানা যায়। আর তাই তাঁরা কংগ্রেস বিমুখ হয়ে পড়েন বলেও খবর। তবে এই নতুন বিতর্কে কিন্তু আরও চাপে পড়েছেন কমলনাথ।

বিতর্কিত প্রশ্নপত্র সামনে আসতে আরও চাপে কমলনাথ
শনিবার প্রকাশ্যে আসে মধ্যপ্রদেশ বোর্ডের ওই বিতর্কিত প্রশ্নপত্রটি। তাতে দেখা যাচ্ছে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে আজাদ কাশ্মীর ও জম্মু এবং কাশ্মীরকে ভারতের অধীনস্ত কাশ্মীর হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে প্রশ্ন করে আজাদ কাশ্মীরকে খুঁজে বের করতে বলা হয়েছে পরীক্ষার্থীদের। বিতর্কিত এই প্রশ্নপত্রের ছবি সামনে আসতেই সমালোচনা শুরু হয়।

বিতর্ক শুরু হতেই বরখাস্ত করা হয় দুজনকে
এদিকে এই বিষয়টি নিয়ে বিতর্ক দেখা দিতেই মাধ্যমিক শিক্ষা বোর্ডের তরফে দুজনকে বরখাস্ত করা হয়। বোর্ডের সভাপতি এই বিষয়ে বলেন, 'দশম শ্রেণীর প্রশ্নে ভুল ব্যাখ্যা দেওয়ার জন্য দুজনকে বরখাস্ত করা হয়েছে। ওই প্রশ্ন গুলোর একটিতে পাক অধিকৃত কাশ্মীরকে আজাদ কাশ্মীর বলা হয়েছিল।'

প্রশ্নপত্রে 'আজাদ কাশ্মীর' উল্লেখে বিভন্ন মহলে বিতর্ক
১৯৪৭ সালে দেশ ভাগের সময়ই জম্মু ও কাশ্মীরের অনেকটা অংশ দখল করে নেয় পাকিস্তান। পরবর্তীতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জম্মু ও কাশ্মীরকে ভারত শাসিত কাশ্মীর আর বাকি অংশকে পাকিস্তান অধিকৃত কাশ্মীর হিসেবে উল্লেখ করা হয়। যদিও ভারত নিজেদের মানচিত্রে জম্মু ও কাশ্মীর রাজ্যের অধীনেই দেখায় পাক-অধিকৃত কাশ্মীর ও গিলগিট বাল্টিস্তান প্রদেশকে। সেখানে কী ভাবে সরকারি বোর্ডের পরীক্ষায় এভাবে পাক-অধিকৃত কাশ্মীরকে আজাদ কাশ্মীর হিসাবে উল্লেখ করা হয়, তা নিয়ে উঠছে প্রশ্ন।












Click it and Unblock the Notifications