Madhya Pradesh Election 2023: হিমালয়ে যাওয়ার পরিকল্পনা বাতিল! মধ্যপ্রদেশ নির্বাচনে ফিরলেন উমা ভারতী
Madhya Pradesh Election 2023: হিমালয়ে যাওয়ার কর্মসূচি বাতিল করে মধ্যপ্রদেশে নির্বাচনী প্রচারের জন্য তৈরি প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী। নয় নভেম্বর, বৃহস্পতিবার থেকে তিনি নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন। উমা ভারতীর নির্বাচনী প্রচার শুরু হবে সাঁচি থেকে।
নির্বাচনী প্রচার শুরুর আগেই সক্রিয় হয়ে উঠেছেন উমা ভারতী। তিনি তীর্থ দর্শন প্রকল্প নিয়ে অরবিন্দ কেজরিওয়ালের দাবিকে ভুল বলে মন্তব্য করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী, সিলওয়ানির বামহোরি এবং সাগরের সুরখিতে নির্বাচনী জনসভা করবেন বলে জানা গিয়েছে। যদিও এর আগে জানা গিয়েছিল, উমা ভারতীয় এবার প্রচারে অংশ নেবেন না, তিনি হিমালয়ে যাবেন।

বিজেপির তারকা প্রচারকের তালিকায় নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করেছিলেন উমা ভারতী। তারপরেও উমা ভারতী বলেছিলেন, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান তাঁকে প্রচারের জন্য যেখানেই ডাকবেন, সেখানেই তিনি যাবেন।
দিন কয়েক আগে উমা ভারতী এক্স হ্যান্ডেলে বলেছিলেন, ললিতপুর স্টেশনে তাঁর বাম পায়ে চোট লেগেছে। ঝাঁসিতে ফিজিওথেরাপি শুরু হওয়ার কথাও ছিল। কিন্তু কোনও উন্নতি না হওয়ায় ঝাঁসিতেই এমআরআই করানো হয়। তিনি বলেছিলেন, চিকিসকের নির্দেশ অনুযায়ী ভোপালে ফিরে যাচ্ছেন। চিকিৎসা, ফিজিওথেরাপি, ওষুধ ছাড়াও তিনমাস বেড রেস্টে থাকতে হবে। তাঁর সুস্থ হতে সময় লাগবে বলেও জানিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী।
অন্যদিকে তীর্থদর্শন প্রকল্পে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দাবিকে মিথ্যা অ্যাখ্যা দিয়ে নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, কেজরিওয়ালজি অতিরিক্ চাপে ক্লান্ত। তাঁর স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী তীর্থদর্শন যোজনা শিবরাজ সিং চৌহানজি মধ্যপ্রদেশে প্রথম শুরু করেছিলেন।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন উমা ভারতী। ২০১৯-এর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলেও, তিনি বলেছেন, ২০২৪-এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।












Click it and Unblock the Notifications