বিজেপি পক্ষের রাষ্ট্রপতি প্রার্থী হতে পারেন এম ভেঙ্কাইয়া নাইডু
বিজেপি পক্ষের রাষ্ট্রপতি প্রার্থী হতে পারেন এম ভেঙ্কাইয়া নাইডু
মঙ্গলবার বিজেপি-বিরোধী রাজনৈতিক দলগুলি নিজেদের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করেছে৷ প্রাক্তন তৃণমূল নেতা যশবন্ত সিনহাকেই রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিজেপি-বিরোধীরা। স্বাভাবিকভাবেই এবার বিজেপির রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণার পাল। দেশের শাসক দল বিজেপি আগেই জানিয়ে রেখেছিল বিরোধীদের প্রার্থী ঘোষণার পরই তারা নিজেদের প্রার্থী ঘোষণা করবে৷ তাই এবার বিজেপির রাষ্ট্রপতি প্রার্থীর নাম জানতে উৎসুক হয়ে রয়েছে দেশের সাধারণ মানুষ ও রাজনীতিবিদরা।

এর মাঝেই মঙ্গলবার উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে দেখা করেন অমিত শাহ, রাজনাথ সিং এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডা। রাষ্ট্রপতি নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ দলীয় বৈঠকের আগে এই বৈঠকটি হয়। এরপরই নাইডুকে দেশের শীর্ষ সাংবিধানিক পদের জন্য ক্ষমতাসীন জোটের দ্বারা প্রার্থী বিবেচনা করা সম্পর্কে গুঞ্জন ছড়ায়। প্রসঙ্গত রাজনাথ সিং এবং নাড্ডাকে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে বিরোধী দল সহ অন্য দলগুলির সঙ্গে কথা বলার অনুমোদন দিয়েছে বিজেপি৷
তবে নাইডুর সঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্বের এই বৈঠকটি ভীষণ তাৎপর্যপূর্ণ, কারণ নতুন রাষ্ট্রপতির পদে প্রার্থী বিবেচনা করার জন্য বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-এর পছন্দ নিয়ে আলোচনা করতে মঙ্গলবারের পরেই সংসদীয় বোর্ড বৈঠক করছে৷ নতুন রাষ্ট্রপতি বাছাই করতে ইলেক্টোরাল কলেজে ক্ষমতাসীন জোটের ৪৮ শতাংশের বেশি ভোট রয়েছে এবং এখানে অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি সহ এনডিএ জোট৷ একই সঙ্গে নাইডু বিজেপির পুরনো বিশ্বস্ত মুখ৷ প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সম্পর্ক ভালো নাইডুর৷ পাশাপাশি দেশের উপরাষ্ট্রপতি হিসেবে সফলভাবে রাজ্যসভার সভাপত্বিও করেছেন নাইডু৷ বিরোধী সাংসদদের সঙ্গেও সম্পর্ক ভালো নাইডুর৷












Click it and Unblock the Notifications