দেশে প্রথম স্টেশনের ওপর তৈরি বিলাসবহুল পাঁচতারা হোটেল, গান্ধীনগরকে উপহার নরেন্দ্র মোদীর
ওপর তৈরি বিলাসবহুল পাঁচতারা হোটেল
পর্যটক টানতে গুজরাতকে ঢেলে সাজাচ্ছে কেন্দ্র সরকার। যার মধ্যে প্রধান আকর্ষণ হল নব নির্মিত গান্ধীনগর রেল স্টেশনের ওপরে তৈরি করা হয়েছে পাঁচতারা হোটেল, যার ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার বিকেল চারটের সময়। প্রসঙ্গত, ভারতীয় রেল স্টেশনের পুর্ননবীকরণ কর্পোরেশন (আইআরএসডিসি) ২০১৭ সালের জানুয়ারি মাসে গান্ধীনগর রেল স্টেশনকে নতুনভাবে নির্মাণ ও পাঁচতারা হোটেল তৈরির কাজ শুরু করে।

বিলাসবহুল পাঁচতারা হোটেল
বিলাসবহুল এই হোটেলে রয়েছে ৩১৮টি ঘর এবং এটি ব্যক্তিগত সংস্থা দ্বারা পরিচালিত হবে। এই হোটেল ৭,৪০০ স্কোয়ার মিটার জুড়ে রয়েছে এবং এটি তৈরি করতে খরচ হয়েছে ৭৯০ কোটি টাকা। এই হোটেলে জাতীয় ও আন্তর্জাতিক অতিথিরা থাকতে পারবেন যাঁরা এই হোটেলের বিপরীতে থাকা কনভেনশন সেন্টার মহাত্মা মন্দিরে সেমিনার ও সম্মেলনে যোগ দিতে আসবেন।

গান্ধীনগরের সবচেয়ে উঁচু ভবন
রেল লাইনের ওপরে থাকা এই পাঁচতারা হোটেল গান্ধীনগরের সবচেয়ে উঁচু ভবন, যার উচ্চতা ৭৬.৯৯ মিটার এবং এর তিনটে তল রয়েছে, ৯-১১-১১ তলাটি 'ত্রিনিটি ফর্ম'-এর ত্রিভুজাকারে সাজিয়ে তোলা হয়েছে।

কে কে থকবেন অনুষ্ঠানে
নরেন্দ্র মোদীর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভার্চুয়ালি। এর পাশাপাশি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো, গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি এবং অন্যান্য সম্মানীয় ব্যক্তিরা গানধীনগরের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শুক্রবার। এই অনুষ্ঠানের পর মোদী আহমেদাবাদের সায়েন্স সিটিতে তিনটে আকর্ষণীয় বিষয়ের উদ্বোধন করবেন। এই আকর্ষণগুলি হল, অ্যাকুয়াটিক গ্যালারি, রোবোটিক গ্যালারি ও নেচার পার্ক।

দেশের সবচেয়ে বৃহৎ অ্যাকোয়ারিয়াম
এই হোটেল ছাড়াও গুজরাতের আহমেদাবাদের সায়েন্স সিটিতে তৈরি হয়েছে জলজ প্রাণীদের গ্যালারি, যা তৈরি করতে ব্যয় হয়েছে ২৬৪ কোটি টাকা। ভারতের সবচেয়ে বৃহৎ এই অ্যাকোয়ারিয়ামে রয়েছে ৬৮টি বড় ট্যাঙ্ক যেখানে হাঙর সহ সামুদ্রিক জীবনকে তুলে ধরা হয়েছে। এছাড়াও এই অ্যাকোয়ারিয়ামে থাকবে ১১,৬০০টি মাছ এবং ১৮৮ প্রজাতির সামুদ্রিক প্রাণী। এই গ্যালারিতে দর্শকদের সামুদ্রিক জীবন ও প্রাণীদের দেখার জন্য ২৮ মিটার লম্বা জলের ভেতরে সুড়ঙ্গ করা হয়েছে। এই গ্যালারিতে ৫ডি থিয়েটারও আছে।

রোবোটিক গ্যালারি
সায়েন্স সিটির আরও একটি আকর্ষণ হল রোবোটিক গ্যালারি, যা ১২৭ কোটি টাকার বিনিময়ে তৈরি হয়েছে এবং এটি ১১ হাজার স্কোয়ার মিটার পর্যন্ত লম্বা। এখানে ৭৯টি ধরনের ২০০টি রোবট রয়েছে, যার মধ্যে মানব রোবট অন্যতম, যার মানব দেহের মতো শরীর ও এমন যন্ত্র রয়েছে, যার সাহায্যে সে মানুষের সঙ্গে কথা বলতে পারে। ১৪ কোটি টাকা দিয়ে তৈরি করা হয়েছে এই নেচার পার্ক, যা ২০ একর জুড়ে রয়েছে এবং পশুদের বিরাট বিরাট মূর্তি ছড়িয়ে ছিটিয়ে আছে।

নতুন প্রকল্পের উদ্বোধন
শুক্রবার ভার্চুয়াল অনুষ্ঠানের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গান্ধীনগর-বারাণসী সাপ্তাহিক সুপারফার্স্ট ট্রেন ও গান্ধীনগর-বরেঠা মেমু ট্রেনেরও উদ্বোধন করবেন। এছাড়াও নতুন বৈদ্যুতিন মেহসানা-বরেঠা ব্রডগেজ রেল লাইন, যা বদনগরের (প্রধানমন্ত্রীর নিজের শহর) ওপর দিয়ে যাবে এবং তা সুরেন্দ্রনগর ও পিপাভাব স্টেশনের মধ্যে ২৬৬ কিমি প্রসারিত, সেটিরও উদ্বোধন করবেন।
ছবি সৌ:টুইটার












Click it and Unblock the Notifications