Cylinder on Rail Track: ফের রেললাইনে সিলিন্ডার, মালগাড়ি ছুটে আসতেই যা হল..
Gas Cylinder on Rail Track: ফের রেললাইনে গ্যাস সিলিন্ডার। সেনাকর্মীদের ট্রেন চলাচলের রুটে উদ্ধার গ্যাস সিলিন্ডার। বরাতজোরে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। ঘটনাস্থল উত্তরাখণ্ডের রুরকি (Roorki)। সেনাদের ট্রেন (Army Train) যাওয়ার আগে ওই লাইনে যাচ্ছিল একটি মালগাড়ি। গ্যাস সিলিন্ডার দেখতে পেয়ে তড়িঘড়ি ব্রেক কষেন মালগাড়ির (Goods Train) চালক।
বেঙ্গল ইঞ্জিনিয়ারিং গ্রুপ অ্যান্ড সেন্টারের সদর দফতর সংলগ্ন লাইনে গ্যাস সিলিন্ডার উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। এই লাইন দিয়ে মালগাড়িতে সেনাকর্মীদের যানবাহনও নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে। তবে কি সেনাদের টার্গেট করেই এমন কাণ্ড ঘটানো হল, তদন্তে খতিয়ে দেখবে রেল।

ধান্ধেরা রেল স্টেশনের কাছে সকালে সিলিন্ডার দেখতে পেয়ে ব্রেক কষেন মালগাড়ির চালক। তৎক্ষণাৎ খবর দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। ঘটনাস্থলে ছুটে যান রেল আধিকারিকরা। খালি থাকা সিলিন্ডারটি উদ্ধার করে ধান্ধেরার স্টেশন মাস্টারের হেফাজতে রাখা হয়েছে। ঘটনাস্থলের পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে জোর তল্লাশি চালায় আরপিএফ। ইতিমধ্যেই এফআইআর দায়ের করে শুরু হয়েছে তদন্ত।
তবে বারবার ট্রেন দুর্ঘটনা (Train Accident) ও রেললাইন থেকে এমন বস্তু মেলার ঘটনায় বাড়ছে রহস্য। ট্রেন বেলাইন করাতে গভীর ষড়যন্ত্র হচ্ছে বলে মনে করছে রেলও। গত ২২ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের কানপুরে দিল্লি-হাওড়া রেল রুটে লাইন থেকে উদ্ধার হয় গ্যাস সিলিন্ডার। সেখানেও মালগাড়ির চালকের তৎপরতায় এড়ানো গিয়েছে বড়সড় দুর্ঘটনা।
দেশজুড়ে ট্রেন বেলাইন (Train Derailment) করানোর চেষ্টা চলছে বলে আশঙ্কা রেলের। শুধু অগাস্টেই এমন ১৮টি ঘটনা ঘটেছে বলেও উল্লেখ করেছে ভারতীয় রেল। চলতি সপ্তাহে ফের আরও ৩টি এমন ঘটনা। কখনও গ্যাস সিলিন্ডার, সাইকেল, এমনকি লোহার রড, সিমেন্টের চাঁই রেখে দেওয়া হচ্ছে রেললাইনে। বিগত জুন মাস থেকেই ট্রেন লাইনচ্যুত করাতে ২৪টি এমন প্রচেষ্টা নজরে এসেছে বলে জানিয়েছে ভারতীয় রেল।
এদিকে, শুক্রবারই বড়সড় রেল দুর্ঘটনা ঘটেছে তামিলনাড়ুতে (Tamilnadu Train Accident)। মাইসোর জংশন থেকে দ্বারভাঙ্গা যাওয়ার পথে লাইনচ্যুত হয়ে যায় বাগমতী এক্সপ্রেসের (Bagmati Express) বেশকয়েকটি কামরা। আগুনও ধরে যায় ২টি এসি কামরায়। প্রবল ঝাঁকুনিতে আহত হন বেশকয়েকজন যাত্রী। লাইন চেঞ্জ করতে গিয়েই মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয় বল জানা গিয়েছে। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন কমিশনার অফ রেলওয়ে সেফটি।












Click it and Unblock the Notifications