"অপরাধীর প্রেমে পড়া নিষিদ্ধ নয়", কেরলের হাদিয়া মামলায় সাফ জানাল সুপ্রিম কোর্ট
কেরলের লভ জিহাদের মামলা বলে পরিচিত হাদিয়া ওরফে অখিলা অশোকার ধর্মান্তকরণের ঘটনায় তদন্ত রিপোর্ট জমা করতে এনআইএ-কে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই ঘটনাতেই আর তদন্ত নিস্প্রয়োজন বলে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
হাদিয়া মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। অপরাধীর সঙ্গে প্রেম করা যাবে না, আইনে এমন কোনও সংস্থান নেই বলে এই মামলায় উল্লেখ করল আদালত। পাশাপাশি হাদিয়াকে আগামী ২৭ নভেম্বর বেলা তিনটেয় আদালতে হাজির হতে বলা হয়েছে। সেদিনই হাদিয়ার বয়ান নেওয়া হবে। এই মামলায় মেয়েটির সম্মতিতে নিকাহ হয়েছে। ফলে কীভাবে তাতে বাধা দেওয়া হচ্ছে তা নিয়ে আদালত প্রশ্ন তুলেছে।

এর আগে কেরলের লভ জিহাদের মামলা বলে পরিচিত হাদিয়া ওরফে অখিলা অশোকার ধর্মান্তকরণের ঘটনায় তদন্ত রিপোর্ট জমা করতে এনআইএ-কে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। হাদিয়ার স্বামী শাফিন জাহান সর্বোচ্চ আদালতে এই মামলা করেন। হাদিয়াকে তাঁর পরিবার নিকাহ-র পরও জোর করে আটকে রেখেছে বলে অভিযোগ জানানো হয়।
সেই ঘটনাতেই আর তদন্ত নিস্প্রয়োজন বলে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। তার আগে হাদিয়ার বাবা কেরল হাইকোর্টে গিয়ে অখিলার স্বামী শাফিন জাহানের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগ করেন, জোর করে অখিলা ওরফে হাদিয়ার সঙ্গে শাফিন ধর্মান্তকরণ করিয়ে বিয়ে করেছে। এবং শাফিনের জঙ্গি যোগ রয়েছে। সেই মামলার রায়ে বিয়েকে অবৈধ ঘোষণা করে কেরল উচ্চ আদালত। তারপরই সুপ্রিম কোর্টে কেরল হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পাল্টা আবেদন করেন শাফিন জাহান। সেই ঘটনায় লভ জিহাদ ইস্যু রয়েছে কিনা তা খতিয়ে দেখতে এনআইএ-কে রিপোর্ট দিতে বলেছিল আদালত।
শুনানিতে খুব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ রয়েছে আদালতের। লভ জিহাদ হোক অথবা না হোক, দুজন প্রাপ্তবয়স্কের বিয়ে কীভাবে ভেস্তে দেওয়া যেতে পারে তা নিয়ে জানতে চেয়েছে আদালত। অন্যদিকে আর একটি ঘটনায় যেখানে পরিবারের তরফে বলা হচ্ছে, মেয়েকে লভ জিহাদের নামে ফুঁসলিয়ে আফগানিস্তানে নিয়ে আইএসে যোগ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সেই ঘটনায় এনআইএ তদন্তের দাবি করা হয়। তারও এদিন শুনানি ছিল আদালতে।
এনআইএ এদিন আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা করেছে। মোট সাতটি আলাদা ঘটনার কথা উল্লেখ করেছে যেখানে মহিলাদের জোর করে ধর্মান্তকরণের চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাদের বক্তব্য রেকর্ড করে আদালতে জমা করেছে এনআইএ। পাশাপাশি হাদিয়ার বক্তব্য যে রেকর্ড করা যায়নি, সেটাও আদালতে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications