Loksabha Winter Session 2023: একই দিনে ৬৭ সাংসদ সাসপেন্ড, বিরোধী শূন্য করার চক্রান্ত বললেন খাড়গে
সংসদে নজিরবিহীন ঘটনা। একই দিনে দুই কক্ষের ৬৭ জন সাংসদ সাংপেন্ড। এর আগে কখনও এইরকম ঘটনা ঘটেনি। সকাল থেকেই উত্তাল হয়ে উঠেছিল সংসদের দুই কক্ষ। তারপরে একের পর এক সাসপেন্ডকে সাসপেন্ড করতে শুরু করেন স্পিকার।
প্রথমে লোকসভার ৩৩ জন সাংসদকে সাসপেন্ড করে স্পিকার। তার মধ্যে কংগ্রেস নেতা অধীর চৌধুরীও ছিলেন। তার রেশ গিয়ে পড়ে রাজ্য সভাতেও। সেখানেও বিরোধী সাংসদরা বিক্ষোভ দেখালে তার মধ্যে ৩২ জন সাংসদকে সাসপেন্ড করা হয়। অর্থাৎ একই দিনে সংসদের দুই কক্ষের ৬৭ জন সাংসদ সাসপেন্ড হয়েছেন। যাকে নজির বিহীন ছাড়া আর কিছু বলা যায় না।

লোকসভায় যে সাংসদদের সাসপেন্ড করা হয়েছে সেই তালিকায় অধীর চৌধুরী ছাড়াও রয়েছেন তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ। সৌগত রায়, শতাব্দী রায় থেকে শুরু করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, অসিত মাল, অপরূপা পোদ্দার, প্রতিমা মণ্ডল এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়ও। আগেই আবার ডেরেক ওব্রায়েনকে সাসপেন্ড করা হয়েছে। পুরো শীতকালীন অধিবেশনের জন্য তাঁদের সাসপেন্ড করা হয়েছে।
এদিকে আজ দিল্লিতে রয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের দাবি দাওয়া নিয়ে বুধবার তাঁর প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করার কথা। দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদদের সাসপেন্ড করার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'ভাগ্যিস আমি সাংসদ নই। '
অন্যদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে মোদী সরকারকে এই নিয়ে তীব্র আক্রমণ করেছেন। তিনি বলেছেন সংসদকে বিরোধী শূন্য করার চক্রান্ত করা হচ্ছে। বিরোধীদের সংসদ থেকে বের করে দিয়ে যা ইচ্ছে তাই আইন প্রণোয়ণ করতে চাইছে মোদী সরকার।
প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েকদিন ধরেই সংসদে ২ আগন্তুকের স্প্রে অ্যাটাক নিয়ে উত্তাল হয়ে রয়েছে অধিবেশন। বিরোধীরা সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে সরব হয়েছে। বিজেপি সাংসদের বহিষ্কার দাবি করে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। কারণ বিজেপি সাংসদের পাস নিয়েই তাঁরা ভেতরে প্রবেশ করেছিল বলে জানা গিয়েছে তদন্তে। প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন তাঁরা।
নতুন সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে অনেক কথা বলেছিল মোদী সরকার। তাড়াহুড়ো করে নতুন সংসদ ভবনে অধিবেশন শুরু করে মোদী সরকার। তারপরেই ঠিক সংসদ হামলার বর্ষপূর্তিতে স্প্রে অ্যাটাক ঘিরে তোলপাড় কাণ্ড চলছে জাতীয় রাজনীতিতে। কীভাবে সংসদ ভবনের সুরক্ষা বলয়ের মধ্যে স্প্রে ক্যান নিয়ে তারা প্রবেশ করল তা নিয়ে প্রশ্ন উঠেছে।
যদিও স্পিকার বারবারই সংসদে জানিয়েছেন এই ঘটনার পুরো তদন্ত হচ্ছে। তবে এতে তেমন জঙ্গি যোগের কোনও প্রমাণ এখনও মেনেনি। এই নিয়ে অযথা রাজনীতি না করার অনুরোধ জানিয়েছেন স্পিকার। কিন্তু বিরোধীরা বারবারই নতুন সংসদ ভবনের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন।












Click it and Unblock the Notifications