Loksabha Election 2024: লোকসভা ভোটের সঙ্গেই আরও ৬ রাজ্যের ভোট, কোন পরিকল্পনায় হাঁটবে বিজেপি
লোকসভা ভোটের বছরেই মোদী সরকারের কাছে বড় চ্যালেঞ্জ হতে চলেছে ৬ রাজ্য। কারণ এই ৬ রাজ্যের নির্বাচনও হবে এই বছরেই। তার মধ্যে হাইভোল্টেজ জম্মু-কাশ্মীরও রয়েছে। একদিকে লোকসভা আরেকদিকে ৬ রাজ্যের বিধানসভা ভোট সব মিলিয়ে বেশ একটা টানটান রাজনৈতিক পরিস্থিতি তৈরি হতে চলেছে গোটা দেশে।
যে ৬ রাজ্যের বিধানসভা ভোটের নির্বাচন রয়েছে চলতি বছরে সেই তালিকায় রয়েছে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ওড়িশা, সিকিম, হরিয়ানা, মহারাষ্ট্র। আবার তালিকায় রয়েছে জম্মু-কাশ্মীরও। সব ঠিক থাকলে ৩৭০ ধারা বাতিল হওয়ার পরে এটাই হবে কেন্দ্রশাসিত কাশ্মীরের প্রথম নির্বাচন। আর সেখানে নির্বাচন শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে করানো একটা বড় চ্যালেঞ্জ মোদী সরকারের।

এরমধ্যে চার রাজ্যের নির্বাচন সম্ভবত লোকসভা ভোটের সঙ্গেই হবে বলে মনে করা হচ্ছে। কারণ অরুণাচল প্রদেশ, সিকিম, ওড়িশা, অন্ধ্রপ্রদেশের নির্বাচন ২০২৪ সালের এপ্রিল-মে মাসে হওয়ার কথা। কারণ এই সময়েই এই চার রাজ্যের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে।
অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডুকে জগন্মোহন রেড্ডির বরুদ্ধে ব্যবহার করতে চলেছে বিজেপি। এদিকে আবার ওয়াই এস শর্মিলার কংগ্রেসে যোগদানও জগন্মোহন সরকারে চাপ বাড়াবে। তবে চন্দ্রবাবু নাইডুকে বিজেপি হাতিয়ার করলেও কংগ্রেস বড় চ্যালেঞ্জ দেবে অন্ধ্র প্রদেশে এমনই মনে করা হচ্ছে। কাজেই এক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ জয় সহজ হবে না বিজেপির পক্ষে। অন্যদিকে ওড়িশাতে বিজেপির প্রবল প্রতিপক্ষ হয়ে ওঠার মতো রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়নি বিজেপির। নবীন পটনায়ক বিরোধী ইন্ডিয়া জোটে সামিল না হয়ে বিজেপির কাছে ইতিবাচর ভাবমূর্তি রেখেছে। সেই সঙ্গে নবীন পটনায়কের সঙ্গে মোদীর সুসম্পর্কও রয়েছে।
এদিকে অরুণাচল প্রদেশ নিয়ে তেমন চিন্তিত নয় বিজেপি। কারণ এখানে একাধিক উন্নয়নের কাজ করেছে মোদী সরকার। একাধিক সড়ক তৈরি হয়েছে। দলাই লামার প্রভাব যথেষ্ট বাড়বে এখানকার ভোটে। কারণ মোদী সরকার ক্ষমতায় আসার পরেই প্রথম তাওয়াংয়ে পা রেখেছিলেন দলাই লামা। এমনকি তিনি সিকিমেও গিয়েছেন। কাজেই দুই রাজ্যের নির্বাচনেই দলাই লামার প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অরুণাচল প্রদেশে বিজেপি আসন সংখ্যা বাড়বে বলে মনে করা হচ্ছে।
এদিকে সিকিমেও বিজেপি সুবিধাজনক অবস্থানে রয়েছে। সেখানে উন্নয়নের কাজকে হাতিয়ার করে বিজেপি অনেকটাই প্রচার এগিয়ে রেখেছে। এদিকে হরিয়ানাতেও বিজেপি সুবিধাজনক অবস্থানে রয়েছে। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। লোকসভা ভোট মিটতে না মিটতেই আবার হরিয়ানা এবং মহারাষ্ট্রে ভোট রয়েছে। কাজেই ২০২৪ সালটি মোটের উপর নির্বাচনের লড়াইয়েই কেটে যাবে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications