রায়বরেলি ও আমেঠিতে কংগ্রেসের প্রার্থী নিয়ে বড় সিদ্ধান্ত! প্রিয়াঙ্কার মুখে আঙ্কেলজি, অব কি বার স্লোগানও
Lok Sabha Vote 2024: লোকসভা নির্বাচনে আমেঠি ও রায়বরেলি আসনের প্রার্থী নিয়ে সিদ্ধান্ত আজও ঘোষণা করতে পারল না কংগ্রেস। যদিও কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে তা নিয়ে আলোচনা হয়েছে।
জানা গিয়েছে, এই দুই আসনের প্রার্থী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার ন্যস্ত হয়েছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধীর উপর।

কংগ্রেসের সেন্ট্রাল ইলেকশন কমিটির সদস্যরা চাইছেন রাহুলকে আমেঠিতে এবং প্রিয়াঙ্কা গান্ধীকে রায়বরেলি থেকে প্রার্থী করা হোক। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ওয়ানাড় আসনে রাহুলের ভাগ্যপরীক্ষা হয়ে গিয়েছে। গত লোকসভা নির্বাচনে তিনি আমেঠিতে হেরে গিয়েছিলেন।
দল চাইলে আমেঠিতে প্রার্থী হতে তাঁর আপত্তি নেই বলে আগেই জানিয়েছিলেন রাহুল। রায়বরেলি থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন সোনিয়া গান্ধী। তিনি কিন্তু তিনি রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছেন। মায়ের আসন থেকে প্রিয়াঙ্কা গান্ধী ওয়াধেরা জিতে আসুন, তেমনটাই চাইছে কংগ্রেস নেতৃত্ব।
এদিকে, আজ নরেন্দ্র মোদীকে আঙ্কেলজি কটাক্ষে বিঁধেছেন প্রিয়াঙ্কা। মহারাষ্ট্রে একটি জনসভায় তিনি বলেন, বিয়েবাড়িতে এক কোণে আঙ্কেলজি কয়েকজনকে নিয়ে বসে বড় বড় কথা বলেন, কেউ বোর বোধ করলে সেখানে গিয়ে অনেকে বসেন। তেমনই এমন আঙ্কেলজিকে দেখা যায় চায়ের দোকানেও।
এরপরই প্রিয়াঙ্কা বলেন, প্রধানমন্ত্রীর পদের গরিমা সর্বজনবিদিত থাকলেও সেই পদে বসে নরেন্দ্র মোদী আজেবাজে কথা বলে চলেছেন। আঙ্কেলজির মতো তিনি বলছেন, কংগ্রেস সরকার গড়লে এক্স-রে মেশিন নিয়ে সকলের বাড়ি ঢুকে বাক্সে থাকা সঞ্চিত অর্থ, মঙ্গলসূত্র নিয়ে যাবে। এটা হয় নাকি? এইসব কথা শুনলে হাসি পায়।
প্রিয়াঙ্কার দাবি, আমাদের দেশে অনেক ভালো প্রধানমন্ত্রী ছিলেন। জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, অটলবিহারী বাজপেয়ী, মনমোহন সিং। কিন্তু নরেন্দ্র মোদীর মতো এউই পদের গরিমাকে কেউ এতটা নীচে নামাননি। প্রধানমন্ত্রীর কথা লোকে বিশ্বাস করেন। কিন্তু আঙ্কেলজির কথা শুনলে হাসি পায়। কংগ্রেস ন্যায় দিতে চাইছে বলেই কি সমস্যা।
প্রিয়াঙ্কা কেন্দ্রের সমালোচনা, বিজেপি সরকারের দেশবাসীর প্রত্যাশাপূরণ করতে না পারার পাশাপাশি কংগ্রেসের গ্যারান্টি নিয়ে যখন বলছিলেন, তখন একজন বলে ওঠেন অব কি বার। উল্লেখ্য, নরেন্দ্র মোদী-সহ বিজেপি নেতারা সব সভাতেই বলছেন, অব কি বার চারশো পার। প্রিয়াঙ্কাও এদিন বলেন অব কি বার...। যদিও কিছুটা বদল এনে তিনি বলেন, অব কি বার আপ কি সরকার, অব কি বার জনতা কি সরকার।












Click it and Unblock the Notifications