লোকসভার আগে মোক্ষম ধাক্কা! খোলা চিঠিতে বিজেপিকে ‘মুক্তি’ দিলেন সুমিত্রা মহাজন
লালকৃষ্ণ আদবানি, মুরলি মনোহর যোশীর পর এবার সুমিত্রা মহাজন। বিজেপির বিরুদ্ধে সমালোচনায় সরব হলেন। প্রার্থীপদ নিয়ে বিতর্কে দিলেন মুখের মতো জবাব।
লালকৃষ্ণ আদবানি, মুরলি মনোহর যোশীর পর এবার সুমিত্রা মহাজন। বিজেপির বিরুদ্ধে সমালোচনায় সরব হলেন। প্রার্থীপদ নিয়ে বিতর্কে দিলেন মুখের মতো জবাব। চিঠি লিখে বিজেপি শীর্ষ নেতৃত্বকে 'মুক্তি' দিলেন তিনি। বিদায়ী লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন বিবৃতি দিয়ে জানিয়ে দিলেন, তিনি আর লড়তে চান না। দলের নেতাদের দ্বিধা কাটাতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন ইন্দোরের সাংসদ।

আর সুমিত্রা মহাজনের এই সিদ্ধান্তের পর ফের একবার প্রশ্ন উঠে গিয়েছে, তবে কি বয়ঃজ্যেষ্ঠরা বিজেপিতে অসম্মানিত? তাঁদের কোনও কদর নেই! সপ্তদশ লোকসভার প্রাক্কালে বারেবারে উঠে আসছে সেই চিত্র। আদবানি, যোশীর পর সুমিত্রা মহজানও ব্রাত্য হয়ে গেলেন মোদীর টিমে। চরম সিদ্ধান্ত নিয়ে তিনি স্বয়ং কাটিয়ে দিলেন বিজেপির দ্বিধা-দ্বন্দ্ব।
ইন্দোরে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। সপ্তম দফায় ভোট এই কেন্দ্রে। যদিও বিজেপির হাতে এখনও সময় ছিল। কিন্তু সুমিত্রা মহাজন ভালোরকম বুঝতে পারছিলেন, তাঁকে নিয়ে সংশয়ে রয়েছে দল। তাঁকে না পারছে গুডবাই জানাতে, না পারছে সাদরে অভ্যর্থনা জানাতে। তাই শেষমেশ নিজেই সিদ্ধান্ত নিলেন।
বিজেপি সিদ্ধান্ত নিয়েছিল, ৭৫ বছরের বেশি নেতাদের প্রার্থী করা হবে না। সেই ফর্মুলা মেনেই প্রার্থী করা হয়নি আদবানি, যোশীদের। তাঁদের সন্ন্যাসে পাঠিয়েছে দল। এবার সেই তালিকায় যুক্ত হতেন আরও এক ৭৫ ঊর্ধ্ব হেভিওয়েট। আটবারের সাংসদ সুমিত্রা মহাজন গতবার লোকসভা অধ্যক্ষ ছিলেন। তাই বিজেপি দ্বিধায় ছিল তাঁকে নিয়ে। উল্লেখ্য, সুমিত্রা মহাজনের বয়স বর্তমানে ৭৬।












Click it and Unblock the Notifications