বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপর হামলায় অবিলম্বে রিপোর্ট তলব লোকসভার অধ্যক্ষের
লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপর নৃশংস হামলার ঘটনায় পশ্চিমবঙ্গ সরকারের কাছে জরুরি রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু মঙ্গলবার উত্তরবঙ্গের শিলিগুড়িতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই তথ্য জানিয়েছেন।
রিজিজু বলেন, "একজন সাংসদ ও বিধায়কের উপর হামলা রাজ্যে তৃণমূল কংগ্রেসের তৈরি পরিবেশকেই প্রতিফলিত করে। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।"

তিনি আরও উল্লেখ করেন, "লোকসভার অধ্যক্ষ একটি নোটিশ জারি করেছেন, এবং পশ্চিমবঙ্গ সরকার এই বিষয়ে একটি রিপোর্ট জমা দেবে। বিস্তারিত তথ্য হাতে আসার পরই কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে কথা বলা সম্ভব হবে।"
সোমবার লক্ষ্মীপুজোর দিন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও দলীয় বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলা হয় উত্তরবঙ্গের নাগরাকাটায়। শঙ্কর ঘোষকে ধাক্কাধাক্কি ও হেনস্থা করা হয়। খগেন মুর্মুকে মারধর করে রক্তাক্ত করে দেয় দুষ্কৃতীরা। এরপরই বিজেপি তীব্র আক্রমণ করে তৃণমূল সুপ্রিমো ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর আমলে অরাজকতায় ভরে গিয়েছে গোটা রাজ্য। এই বলে আক্রমণ করা হয়।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সাংসদের ওপর আঘাত দেখে কড়া ভাষায় রাজ্য সরকারকে আক্রমণ করেন। আইনশৃঙ্খলার অবনতিতে সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগড়ে দেন মোদী। পাল্টা মুখ্যমন্ত্রী মমতাও আক্রমণ করেছেন বিজেপিকে।এই প্রেক্ষিতেই এদিন মুখ্যমন্ত্রী মমতার পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু সহ শুভেন্দু অধিকারীদের একটি দল আলাদা আলাদা করে উত্তরবঙ্গে গিয়েছে। সেখানে দাঁড়িয়েই মন্ত্রী রিজিজু লোকসভার অধ্যক্ষের রিপোর্ট চাওয়ার কথা জানিয়েছেন।












Click it and Unblock the Notifications