Digital Personal Data protection Bill 2023: লোকসভায় পাস, অপব্যবহারে ২৫০ কোটি জরিমানা
ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল ২০২৩ পাস হয়ে গেল লোকসভায়। সোমবার এই ডেটা সুরক্ষা বিল পাস হল ভারতীয় নাগরিকদের গোপনীয়তা রক্ষা করার জন্য। ডিজিটাল ডেটার অপব্যবহারে বা সুরক্ষায় ব্যর্থতার জন্য ২৫০ কোটি টাকা জরিমানার পরামর্শ দেওয়া হয়েছে এই বিলে।
সোমবার লোকসভায় যে ডিজিটাল পার্সোনাল ডেটা সুরক্ষা বিল পাস হল, সেখানে স্পষ্ট প্রস্তাব রয়েছে নিয়ম লঙ্ঘনকারী সংস্থার সর্বোচ্চ ২৫০ কোটি টাকা এবং সর্বনিম্ন ৫০ কোটি টাকা জরিমানা হবে। বিরোধী সংসদ সদস্যরা কিছু সংশোধনী আনতে চেয়েছিলেন। কিন্তু সেই সংশোধনী কণ্ঠভোটে পরাজিত হয়।

লোকসভায় ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল ২০২৩ পেশ করেন কেন্দ্রীয় আইটিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বিলটি পেশ করে বলেছিলেন, বিরোধী সদস্য ও জনগণের তথ্য সুরক্ষার মতো বিষয়ে এই বিলে উদ্বেগের কিছু নেই। বিরোধীরা অযথাই আওয়াজ তুলছেন। তিনি বিলটি লোকসভায় সর্বসম্মতিক্রমে পাস করানোর আহ্বান জানিয়েছিলেন।
তিনি বলেন, বিলের নিয়মগুলি ভারতের মধ্যে অনলাইনে সংগ্রহ করা ব্যক্তিগত ডেটা ও অফলাইনে সংগ্রহ করা ব্যক্তিগত ডেটার ক্ষেত্রে প্রযোজ্য হবে। কিন্তু তা পরবর্তীকালে ডিজিটাইজড হবে। ভারতের বাইরে এই ধরনের প্রক্রিয়াকরণের ক্ষেত্রেও প্রযোজ্য হবে যদি এটি ভারতে ব্যক্তিদের পণ্য ও পরিষেবা প্রদানের জন্য হয়।
কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৩ অগাস্ট সংসদের নিম্নকক্ষে বিলটি পেশ করেছিলেন। বিরোধীরা দাবি করেছিলেন, এটি যাচাইয়ের জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো উচিত। বিরোধীরা কিছু সংসোধনী আনার কথা বলেছিলেন। কি্ন্তু তথ্যপ্রযুক্তিমন্ত্রী সেই পরামর্শ প্রত্যাখ্যান করেন। তিনি জানিয়ে দেন কোনও উদ্বেগের বিষয় নেই। সর্বসম্মতিক্রমে বিলটি পাস করার আহ্বান জানান তিনি।












Click it and Unblock the Notifications