Modi Resigns: নেহরুর কীর্তি স্পর্শের আগে প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন মোদী! শেষ বৈঠকে মন্ত্রীদের কোন বার্তা?
Modi Resigns: শনিবার প্রধানমন্ত্রী পদে টানা তৃতীয়বারের জন্য শপথ নিতে পারেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী পদে হ্যাটট্রিকের নিরিখে তিনি স্পর্শ করবেন জওহরলাল নেহরুর কীর্তি।
তার আগে এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিলেন মোদী। তাঁকেই কেয়ারটেকার প্রধানমন্ত্রী হিসেবে আপাতত কাজ চালানোর কথা বলেছেন রাষ্ট্রপতি।

প্রধানমন্ত্রী পদে ইস্তফার আগে নরেন্দ্র মোদী সেরে নেন মন্ত্রিসভার শেষ বৈঠক। অনেক কেন্দ্রীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী এবারের নির্বাচনে পরাস্ত হয়েছেন। এবার বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতাও পায়নি। থামতে হয়েছে ২৪০-এ। ২৭২-এর ম্যাজিক ফিগার পেরিয়ে এনডিএ পেয়েছে সম্মিলিত ২৯২ আসন।
মোদী মন্ত্রিসভার শেষ বৈঠকে বলেন, জেতা-হারা রাজনীতিরই অঙ্গ। সংখ্যাতত্ত্বের এই খেলা চলতেই থাকে। বিগত ১০ বছরে আমরা ভালো কাজ করেছি। ভবিষ্যতেও আমরা তা চালিয়ে যাব। আমরা মানুষের প্রত্যাশা পূরণে সক্ষম হয়েছি, আগামী দিনেই এই ধারা অব্যাহত থাকবে। সকলেই খুব ভালো কাজ করেছেন, কঠোর পরিশ্রম করেছেন।
প্রধানমন্ত্রী মোদী ও সমস্ত মন্ত্রীদের পদত্যাগ এদিন গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। নতুন সরকার দায়িত্বভার গ্রহণ না করা অবধি মোদীকেই প্রধানমন্ত্রীর কার্যভার পালনের অনুরোধ জানান দ্রৌপদী মুর্মু। জানা গিয়েছে, আজ সকালে নিজের বাসভবনে যে মন্ত্রিসভার বৈঠক হয়েছে তাতে নির্বাচনের ফলাফল বিশ্লেষণের পাশাপাশি নতুন সরকার গঠন নিয়েও আলোচনা হয়েছে।
আজ বিকেলে দিল্লিতে রয়েছে এনডিএ-র বৈঠক। সরকার গড়তে বিজেপিকে এবার শরিকদের উপর নির্ভর করতে হবে। সূত্রের খবর, নীতীশ কুমারের জেডি(ইউ) তৃতীয় মোদী সরকারের তিনটি ক্যাবিনেট মিনিস্টারের পদের দাবি জানিয়েছে। একনাথ শিণ্ডের শিবসেনা একটি কেন্দ্রীয় মন্ত্রী ও দুটি প্রতিমন্ত্রীর পদ চেয়েছে। চিরাগ পাসওয়ানের লোকশক্তি জনতা পার্টি একটি কেন্দ্রীয় মন্ত্রী ও একটি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদের জন্য দাবি জানাতে পারে বলে সূত্রের খবর। কেন্দ্রীয় মন্ত্রিত্ব চাইতে পারেন হ্যাম (এস) প্রধান জিতন রাম মাঞ্ঝিও।












Click it and Unblock the Notifications