Lok Sabha Election 2024: রাহুল লোকসভা ভোটে লড়বেন আমেঠী থেকে, প্রিয়াঙ্কা দাঁড়াবেন মোদীর বিরুদ্ধে, দাবি অজয়ের
Lok Sabha Election 2024: লোকসভা ভোটে ফের হেভিওয়েটদের দ্বৈরথ দেখতে চলেছে উত্তরপ্রদেশ। তেমনই ইঙ্গিত দিলেন উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি অজয় রাই। তিনি আজ সাংবাদিকদের বলেছেন, রাহুল গান্ধী আমেঠী থেকেই ভোটে লড়বেন।
একইসঙ্গে অজয় রাইয়ের দাবি, প্রিয়াঙ্কা গান্ধী যদি বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়তে চান, তাহলে দলীয় কর্মীরা তাঁকে জেতাতে সর্বস্ব উজাড় করে দিতে প্রস্তুত।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী দুটি কেন্দ্র থেকে ভোটে লড়েছিলেন। আমেঠীতে তিনি হেরে গিয়েছিলেন স্মৃতি ইরানির কাছে। যদিও কেরলের ওয়াইনাড় আসন থেকে জিতে তিনি সাংসদ হন। এবার কংগ্রেস-সহ অন্তত ২৬টি রাজনৈতিক দল মিলে ইন্ডিয়া (I.N.D.I.A.) জোট গঠন করেছে। ইউপিএ-র অস্তিত্ব আর নেই। মুম্বইয়ে জোটের পরবর্তী বৈঠক রয়েছে চলতি মাসেই।

তার আগেই উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি অজয় রাই এদিন রাহুল ও প্রিয়াঙ্কার সম্ভাব্য আসনের নাম সংবাদমাধ্যমে জানিয়ে দিলেন। ১৯৯৯ সালে আমেঠী থেকে সাংসদ হন সোনিয়া গান্ধী। ২০০৪, ২০০৯ ও ২০১৪ সালে এই কেন্দ্র থেকে সাংসদ হন রাহুল। ২০১৯ সালের নির্বাচনে রাহুলকে ৫৫,১২০ ভোটে হারিয়ে দেন স্মৃতি ইরানি। অজয় রাই এদিন আমেঠীর সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতিকে কটাক্ষও করেছেন।
অজয় রাই বলেন, আমেঠীর জনগণ এবার স্মৃতি ইরানিকে দেখলেই চিনি নিয়ে প্রশ্ন করবেন। উনি বলেছিলেন, ১৩ টাকা কেজি দরে চিনি পাওয়া যাবে। সেটা কেন হলো না, তা জানতে চাওয়া হবে। কংগ্রেস আমেঠী ও বারাণসী আসন পুনরুদ্ধার করবে বলেও নিশ্চিত অজয় রাই। তিনি ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বারাণসীতে কংগ্রেস প্রার্থী ছিলেন। পেয়েছিলেন তৃতীয় স্থান।
অজয়ের কথা সত্যি হলে বারাণসী কেন্দ্রটিও থাকবে সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। প্রিয়াঙ্কা সেখানে নরেন্দ্র মোদীকে হারিয়ে জায়ান্ট কিলার হতে পারবেন কিনা, তা অবশ্য বলবে সময়। বারাণসী কেন্দ্রে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী পেয়েছিলেন ৬৩.৬২ শতাংশ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টির শালিনী যাদবকে তিনি হারিয়েছিলেন ৪,৭৯,৫০৫ ভোটে। সপা পেয়েছিল ১৮.৪০ ভোট, কংগ্রেস ১৪.৩৮ শতাংশ ভোট।












Click it and Unblock the Notifications