Rahul Gandhi: মোদী-মোদী ধ্বনি শুনে যাত্রা থামালেন রাহুল, বিজেপি সমর্থকদের জন্য 'ফ্লাইং কিস', পেলেন আলু
Rahul Gandhi: রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা থামল মোদী-মোদী ধ্বনিতে। তবে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। ভালোবাসার দোকানের পক্ষে সওয়াল করা রাহুল চমক দিলেন ফ্লাইং কিসে।
ঘটনা মধ্যপ্রদেশে। আজ শাজাপুর শহরে প্রবেশ করে ভারত জোড়ো ন্যায় যাত্রা। তখনই নরেন্দ্র মোদীর নামে জয়ধ্বনি দিতে থাকেন বিজেপি সমর্থকরা।

মোদী-মোদী ধ্বনি শুনে যাত্রা কিছুটা সময়ের জন্য থামান রাহুল। যে গাড়িটিতে তিনি ছিলেন সেখান থেকেই বিজেপি সমর্থকদের উদ্দেশে ফ্লাইং কিস দেওয়ার ইশারা করেন। এর পর ফের গন্তব্যের দিকে এগিয়ে যায় যাত্রা। সংসদ থেকে আজকের যাত্রা, চর্চা রাহুলের ফ্লাইং কিস নিয়েই।
শনিবারই বিজেপি-শাসিত মধ্যপ্রদেশে প্রবেশ করেছে ভারত জোড়ো ন্যায় যাত্রা। শাজাপুরে বিজেপির কাউন্সিলর মুকেশ দুবের নেতৃত্বে এ বি রোডে কর্মী-সমর্থকরা মোদী-মোদী স্লোগান দিতে থাকেন। যা কিছুটা অপ্রত্যাশিতই ছিল রাহুল-সহ কংগ্রেস নেতা-কর্মীদের কাছে। কিছুটা বিড়ম্বনাও তৈরি হয়।
যাঁরা স্লোগান দিচ্ছিলেন তাঁদের কাছে গাড়ি থামিয়ে নেমেও পড়েন রাহুল। তাঁদের সঙ্গে দেখাও করেন। সেই সময় কয়েকজন জয় শ্রী রাম ধ্বনি দিতে থাকেন। যদিও তাতে কোনওভাবেই মেজাজ না হারিয়ে সকলের সঙ্গে হাত মিলিয়ে রাহুল গাড়িতে উঠে পড়েন। এরপরই হাত নাড়ার ফাঁকে ফ্লাইং কিস ছোড়েন।
বিজেপি কাউন্সিলর মুকেশ দুবে পরে সাংবাদিকদের জানান, মোদী-মোদী ও জয় শ্রী রাম ধ্বনি শুনেই রাহুল নেমে এসেছিলেন গাড়ি থেকে। তাঁকে জানিয়েছি, আমাদের শহরে আপনাকে স্বাগত জানাই। কিছু আলুও রাহুল গান্ধীকে দিয়েছেন বিজেপির ওই কাউন্সিলর। আজই রাহুলের যাত্রা উজ্জ্বয়িনীতে পৌঁছবে।
রাহুল অবশ্য এরই ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেকারত্ব ইস্যুতে খোঁচা দিয়েছেন। তিনি বলেন, কর্মহীন যুবরা দিনভর রিলস দেখে যান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চান সকলে সারাদিন ফোন দেখে জয় শ্রী রাম ধ্বনি দিক, আর শেষে খিদের জ্বালায় মারা যাক।












Click it and Unblock the Notifications