Lok sabha Election 2024:ইন্ডিয়া ব্লকের মুখ কাকে করা উচিত? মমতা, রাহুল না অন্য কেউ, কী বলছে ABP-CVoter সমীক্ষা
Lok sabha Election 2024: সম্প্রতি ইন্ডিয়া ব্লকের চতুর্থ বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া ব্লকের মুখ হিসেবে মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেছিলেন। তাঁকে সমর্থন করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। এই পদক্ষেপে নীতীশ-লালুর ক্ষুব্ধ হওয়ার খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। তার মধ্যে বিষয়টি নিয়ে সমীক্ষা চালিয়েছে এবিপি সিভোটার।
ইন্ডিয়া ব্লকের দলগুলির প্রায় প্রত্যেকেই চায় তাঁদের শীর্ষ নেতা বা নেত্রীকে প্রধানমন্ত্রীর মুখ হিসেবে সামনে রেখে নির্বাচনী লড়াই হোক। সেব্যাপারে এখনও চূড়ান্ত কিছু সিদ্ধান্ত নেননি ইন্ডিয়া ব্লকের নেতারা। তবে এখানে সমীক্ষায় চমকপ্রদ ফল পাওয়া গিয়েছে।

কে হতে পারেন ইন্ডিয়া ব্লকের মুখ অর্থাৎ বিরোধী জোটের মুখ, তা নিয়ে করা জনমত সমীক্ষায় দেখা গিয়েছে, ৩৪ শতাংশ মানুষ রাহুল গান্ধীকে পছন্দ করছেন। ১৩ শতাংশ মানুষ কেজরিওয়ালকে, ১০ শতাংশ মানুষ নীতীশ কুমারকে, নয় শতাংশ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করছেন। অন্যদিকে উত্তর দিতে চাননি ৩৪ শতাংশ মানুষ।
যেহেতু ইন্ডিয়া ব্লকের দলগুলির মধ্যে বিভিন্ন বিষয়ে ভিন্নমত রয়েছে, তাই সমীক্ষায় প্রশ্ন করা হয়েছিল ২০২৪-এর লোকসভা নির্বাচন পর্যন্ত কি ঐক্যবদ্ধ থাকবে ইন্ডিয়া ব্লক। এব্যাপারে ৩৭ শতাংশ মানুষ উত্তরে বলেছেন, হ্যাঁ। ৫০ শতাংশ মানুষ বলেছেন না, আর ১৩ শতাংশ মানুষ এব্যাপারে কোনও উত্তর দিতে চাননি।
এবিপি সি ভোটারের তরফে সারা দেশে প্রায় তেরো হাজার মানুষের ওপরে সমীক্ষা চালানো হয়েছে। এই সমীক্ষাটি করা হয় ১৫ থেকে ২১ ডিসেম্বরের মধ্যে। সমীক্ষায় ত্রুটির হওয়ার সম্ভাবনা প্লাস মাইনাস তিন থেকে পাঁচ শতাংশ।












Click it and Unblock the Notifications