Lok Sabha Election 2024: মোদী কাল কোন বুথে ভোট দেবেন? মানুষের লুঠ হওয়া টাকা ফেরাতে কোন পদক্ষেপ?
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ হবে আগামীকাল। কাল ভোট দেবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিহার, ঝাড়খণ্ডে প্রচার সেরে গতকাল অযোধ্যায় গিয়েছিলেন মোদী। রাম লালার মন্দিরে প্রণাম ও আরতি করার পর অংশ নেন রোড শো-তে। আজ তিনি ওডিশা ও অন্ধ্রপ্রদেশে নির্বাচনের প্রচারে গিয়েছেন।

ঝাড়খণ্ডে ইডি অভিযানে টাকার পাহাড় উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে মোদী অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরীর নির্বাচনী জনসভা থেকে কংগ্রেসকে আক্রমণ করেন। মোদী বলেন, কংগ্রেস ও ইন্ডি জোট প্রতিদিনই ইডিকে নিয়ে চিৎকার করে। মানুষ এর কারণ টিভিতেই দেখতে পাচ্ছেন।
মোদী বলেন, ঝাড়খণ্ডে ইডি কংগ্রেসের মন্ত্রীর সচিবের পরিচারকের বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার করেছে। কংগ্রেস তাদের পরিচারকদের বাড়িকেও কালো টাকার গুদাম বানিয়ে ফেলেছে। আগেও কংগ্রেসের সাংসদের বাড়ি থেকে এর থেকেও নোটের বড় পাহাড় উদ্ধার হয়েছিল।
মোদীর প্রশ্ন, কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠদের কাছ থেকেই কেন এত নোটের পাহাড় উদ্ধার হচ্ছে? যাঁদের টাকা লুঠ হয়েছে কীভাবে তা তাঁদের কাছে ফেরানো যায় তা নিয়ে তিনি আইনি পরামর্শ নিচ্ছেন বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এদিকে, কাল নরেন্দ্র মোদী আমেদাবাদের নিশান হায়ার সেকন্ডারি স্কুলে ভোট দিতে যাবেন। সেই স্কুলের বুথটিকে সাজিয়ে তোলা হয়েছে। যুব সম্প্রদায়কে বুথমুখী করার লক্ষ্যে গতকাল আমেদাবাদে আয়োজন করা হয়েছিল রান ফর ভোট ম্যারাথন। কাল গুজরাতের ২৬টির মধ্যে ২৫টি লোকসভা আসনে ভোটগ্রহণ হবে। ইতিমধ্যেই সুরত আসনটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে বিজেপি।












Click it and Unblock the Notifications