Lok Sabha Election 2024: ভোট প্রচারের ফাঁকেই অযোধ্যার রাম মন্দিরে মোদী, সাষ্টাঙ্গে প্রণামের পর করলেন আরতি
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের দুটি দফার ভোটগ্রহণ হয়ে গিয়েছে। বাকি আরও ৫ দফা। ভোট প্রচারের ফাঁকেই আজ অযোধ্যায় রাম মন্দিরে গেলেন নরেন্দ্র মোদী।
রাম মন্দিরে রাম লালার প্রাণ প্রতিষ্ঠার পর এই প্রথম অযোধ্যার রাম মন্দিরে গেলেন প্রধানমন্ত্রী। সকাল থেকেই অযোধ্যায় ছিল কড়া নিরাপত্তা। মোদীর ছবি ও ফুল দিয়ে সাজানো হয়েছে শহরকে।

আজ রবিবাসরীয় প্রচারে ঝাড়খণ্ড ও বিহারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে কর্মসূচি সেরে তিনি পৌঁছন অযোধ্যায়। ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। সেই ঐতিহাসিক মুহূর্তে হাজির ছিলেন মোদী, বৈদিক রীতি মেনে প্রাণ প্রতিষ্ঠার প্রক্রিয়ায় অংশ নেন। তারপর এদিনের সফর।
মোদী রাম মন্দিরে পৌঁছনোর আগে সেখানে গিয়ে পুজো দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মোদী এদিন মন্দিরে প্রবেশের পর সাষ্টাঙ্গে প্রণাম করেন। উপস্থিত ছিলেন পুরোহিতরা। আরতি করতেও দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। রকমারি ফুলের সঙ্গে আরতি করার পাত্রটিতে ছিল পদ্ম ফুলও।
এবারের নির্বাচনে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ ৪০০-র বেশি আসনে জয়লাভের লক্ষ্য নিয়েছে। মোদী থেকে অমিত শাহ- সকলেরই দাবি, প্রথম দুই দফাতেই অনেক এগিয়ে রয়েছে বিজেপি। আজ মোদী যে পাত্রটি নিয়ে আরতি করেন তাতে ছিল তিনটি বড় পদ্ম। উল্লেখ্য, এবার জিতলে নরেন্দ্র মোদী তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হবেন।
রাম মন্দিরে গিয়ে পুজো দেওয়ার পর মোদী ২ কিলোমিটারের রোড শো-এ উপস্থিত ছিলেন। গত ৩০ ডিসেম্বর মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধনের আগেও রোড শো করেছিলেন মোদী। তারপর ফের অযোধ্যায় তাঁর রোড শো। চলতি বছর পাঁচ মাসের মধ্যে এটি মোদীর দ্বিতীয় অযোধ্যা সফর।
আজ মোদীর রোড শো নির্ধারিত ছিল রাম পথ দিয়ে। সুগ্রীব ফোর্ট থেকে লতা চৌক অবধি। উত্তরপ্রদেশে সাত দফায় ভোট হচ্ছে মোট ৮০টি আসনের জন্য। প্রথম দুই দফায় ১৬টি লোকসভা কেন্দ্রের নির্বাচন হয়ে গিয়েছে। অযোধ্যায় ভোট ২০ মে। অযোধ্যার সাংসদ লাল্লু সিংকেই ফের প্রার্থী করেছে বিজেপি।












Click it and Unblock the Notifications