Lok Sabha Election 2024: বারাণসী নয়! নরেন্দ্র মোদী লোকসভা ভোটে লড়তে পারেন তেলেঙ্গানার কোন আসন থেকে?
Lok Sabha Election 2024: নরেন্দ্র মোদী বারাণসী কেন্দ্র থেকে লড়ে চমক দিয়েছিলেন। তেমনই চমক অপেক্ষা করে আছে আসন্ন লোকসভা ভোটেও। খবর বিজেপি সূত্রে।
তেলেঙ্গানায় নির্বাচনে জোরকদমে প্রচারে নেমেছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। আসন বাড়লেও তেলেঙ্গানায় সরকার গড়ার স্বপ্নপূরণ হয়নি বিজেপির। তাতে হাল না ছেড়ে দক্ষিণ ভারতে প্রভাব বিস্তারের লক্ষ্যে নয়া কৌশল নিতে পারে গেরুয়া শিবির।

বেশ কয়েক মাস ধরেই জল্পনা রয়েছে নরেন্দ্র মোদী তেলেঙ্গানা বা তামিলনাড়ুর কোনও কেন্দ্র থেকে এবার দাঁড়াতে পারেন। বারাণসী থেকে লোকসভা নির্বাচনে আর মোদী প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলেই সূত্রের খবর। যদিও সরকারিভাবে এখনও কিছুই বলা হচ্ছে না। তেলেঙ্গানায় সদ্য কংগ্রেস সরকার গড়েছে।
কয়েক মাসের মধ্যেই সেখানে কংগ্রেস শিবিরে কাঁপুনি ধরাতে মোক্ষম রণকৌশল নিচ্ছে বিজেপি। কয়েক মাস আগে জানা যাচ্ছিল, মোদী তেলেঙ্গানায় দাঁড়ালে লড়বেন সেকেন্দ্রাবাদ থেকে। তামিলনাড়ু থেকে লড়লে সম্ভাব্য আসন রামনাথপুরম। কর্নাটকের বেঙ্গালুরু লোকসভা আসনটি নিয়েও চর্চা রয়েছে।
যদিও তেলেঙ্গানা থেকে মোদী যদি লড়েন তাহলে তিনি মালকজগিরি আসনটি বেছে নিতে পারেন বলে সূত্রের খবর। ২০১৯ সালে এই আসন থেকেই লোকসভা ভোটে জয়লাভ করেছিলেন রেবন্ত রেড্ডি। যিনি বর্তমানে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। রেবন্ত সাংসদ হিসেবে পদত্যাগ করায় এখন এই আসনটি ফাঁকা। এই লোকসভা কেন্দ্রে দেশের নানা অংশের মানুষ বসবাস করেন। ফলে একে মিনি ইন্ডিয়াও বলা হয়।
বিজেপি তেলেঙ্গানা থেকে ১৩টি লোকসভা আসনকে পাখির চোখ করছে। খাম্মাম, নালগোন্ডা, ভঙ্গির ও মেহবুবাবাদকে আপাতত হিসেবের বাইরে রাখা হচ্ছে বলে সূত্রের খবর। তবে তেলেঙ্গানার রাজনৈতিক প্রেক্ষাপট অনেকটাই বদলে যাবে যদি জল্পনাকে সত্যি প্রমাণ করে বিজেপির সঙ্গে ভারত রাষ্ট্র সমিতি হাত মেলায়। সেই সঙ্গে কংগ্রেসের জেতা লোকসভা আসন ছিনিয়ে নিতে মোদি-ম্যাজিক তো রয়েছেই।
২০০৯ সালের লোকসভা ভোটে এই আসন থেকে ৯৩ হাজার ২২৬ ভোটে জিতেছিলেন কংগ্রেসের সার্ভে সত্যনারায়ণা। তেলুগু দেশম পার্টি ছিল দ্বিতীয় স্থানে। ২০১৪ সালে এই কেন্দ্রটিতে জেতে টিডিপি। ২৮,৩৭১ ভোটে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির প্রার্থীকে হারিয়ে সাংসদ হন মাল্লা রেড্ডি। ২০১৯ সালের লোকসভা ভোটে আসনটি ফের দখলে নেয় কংগ্রেস।
রেবন্ত রেড্ডি ১০,০১৯ ভোটে হারিয়েছিলেন নিকটতম প্রতিদ্বন্দ্বী টিআরএস প্রার্থীকে। কংগ্রেসের ভোট ২০১৪ সালে ছিল ১৪.৪২ শতাংশ। যা ২০১৯ সালে হয় ৩৮.৬৩ শতাংশ। টিডিপি না লড়ায় সেই ভোটের কিছুটা গিয়েছিল কংগ্রেসের ঝুলিতে। টিআরএস পায় ৩৭.৯৩ শতাংশ ভোট। বিজেপি পেয়েছিল ১৯.৪৭ শতাংশ ভোট। ফলে বিআরএস যদি বিজেপির হাত ধরে এবং মোদী দাঁড়ান তাহলে কংগ্রেসের কাছ থেকে আসন ছিনিয়ে নেওয়াটা কঠিন হবে না।












Click it and Unblock the Notifications