Lok Sabha Election 2024: আসন-ভাগ নিয়ে আলোচনা চলছে! তৈরি হবে কি ইন্ডিয়া ব্লকের সাধারণ ইস্তেহার, জল্পনা তুঙ্গে
Lok Sabha Election 2024: ইন্ডিয়া ব্লকে কংগ্রেস ও আপের মধ্যে যেমন আসন সমঝোতা নিয়ে প্রথম দফার আলোচনা হয়েছে, তেমনই রাজ্যে রাজ্যে আগে থেকেই থাকা বিরোধী জোট আসন সমঝোতাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছে। আসন সমঝোতার পরেই আসছে ইস্তেহার। তাহলে কি ইন্ডিয়া ব্লকের সাধারণ ইস্তেহার থাকবে, এই প্রশ্নের উত্তর এখনও অধরা।
সূত্রের খবর, ইন্ডিয়া ব্লকের সাধারণ কোনও ইস্তেহার থাকবে না। প্রতিটি দল নিজের নিজের ইস্তেহারকে সামনে রেখে নির্বাচনী লড়াইয়ে সামিল হবে। তবে ইন্ডিয়া ব্লক একটি অভিন্ন অ্যাজেন্ডা নিয়ে কাজ করবে বলে জানা গিয়েছে।

বিজেপি বিরোধী ছাব্বিশটি দল ইন্ডিয়া ব্লকে সামিল হয়েছে। কংগ্রেস এই বিরোধী দলগুলির মধ্যে সব থেকে বড়। তেরোটি রাজ্যে তারা বিজেপির সঙ্গে সরাসরি লড়াই করছে। সূত্রের খবর, কংগ্রেস সারা দেশে ২৫৫ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছে। তবে এব্যাপারে এখনও চূড়ান্ত ঘোষণা তারা কিছু করেনি। কংগ্রেস এই মুহূর্তে রাজ্যে রাজ্যে দর কষাকষির মুধোমুখি।
দিল্লির সাতটি আসনের মধ্যে আপ কংগ্রেসকে তিনটি আসন ছাড়তে চায়। পঞ্জাবে আপ তেরোটির মধ্যে ছ'টি আসন ছাড়তে চায়। তারপরেও তারা পূর্ব দিল্লি, উত্তর-পূর্ব দিল্লি এবং চাঁদনি চকের মতো আসনে নিজেরাই লড়াই করতে চায় আপ। দিল্লিতে কংগ্রেসকে আসন ছাড়ার বদলে আপ গুজরাত, হরিয়ানা ও গোয়ার আসন দাবি করেছে।
মহারাষ্ট্রে ইন্ডিয়া ব্লক আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত ঐক্যমত্যে পৌঁছেছে বলে জানা গিয়েছে। সেখানে ৪৮ টি আসনের মধ্যে কংগ্রেস ও শিব সেনা উদ্ধব গোষ্ঠী ২০ টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বলে জানা গিয়েছে। তবে শিবসেনা এখনও ২৩ টি আসনে প্রতিদ্বন্দ্বিতার দাবি অনড় রয়েছে। প্রসঙ্গত ২০১৯-এর নির্বাচনে তারা ২৩ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ১৮ টি আসনে জয় পেয়েছিল। যদিও সেই সময় তারা ছিল এনডিএ-র সঙ্গী।
বিহারের ৪০ টি আসনের মধ্যে জেডিইউ ও আরজেডি ১৭ টি করে আসনে লড়াই করতে চায়। সেক্ষেত্রে কংগ্রেস চারটি ও সিপিআই দু'টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তবে কংগ্রেস সেখানে ১০ টি আসনের দাবিতে এখনও অনড় রয়েছে।
গুজরাতের ক্ষেত্রে আপ কংগ্রেসের কাছে আসনের দাবি করেছে। এব্যাপারে চূড়ান্ত কিছু হয়নি। ২০১৯-এর নির্বাচনে গুজরাতের ২৬ টি আসনের মধ্যে সবকটিতেই জয়লাভ করেছিল বিজেপি। এছাড়াও আপ হরিয়ানায় তিনটি ও গোয়ায় একটি আসনের দাবি করেছে কংগ্রেসের কাছে।
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে দুটি আসন ছাড়তে চায়। সেখানে কংগ্রেস চায় অন্তত দশটি আসন। প্রতিবেশী ঝাড়খণ্ডে ইন্ডিয়া ব্লকে কংগ্রেস, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও আরজেডি আসন ভাগাভাগি নিয়ে এখনও ঐক্যমতে পৌঁছতে পারেনি।












Click it and Unblock the Notifications