ভিভিপ্যাট নিয়ে সুপ্রিম-রায় বিরোধীদের মুখে কষিয়ে থাপ্পড়! কেন বললেন মোদী?
Lok Sabha Election 2024: ইভিএমের সঙ্গে ভিভিপ্যাটের স্লিপ মিলিয়ে দেখা-সহ বিরোধী রাজনৈতিক দলগুলির আর্জি আজ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিহারের আরারিয়ায় এ প্রসঙ্গে মুখ খুললেন নরেন্দ্র মোদী।
আরজেডি, কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের মুখে শীর্ষ আদালতের রায় কড়া থাপ্পড় বলে অভিহিত করেন প্রধানমন্ত্রী। আজকের দিনকে গণতন্ত্রের পক্ষে শুভ ও মঙ্গলময় বলেও উল্লেখ।

মালদহ থেকেই আরারিয়ার জনসভায় পৌঁছন নরেন্দ্র মোদী। সেখানেই সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে তিনি বলেন, যেখানে সারা বিশ্ব ভারতের গণতন্ত্র, নির্বাচন প্রক্রিয়া, নির্বাচনে প্রযুক্তির ব্যবহারের তারিফ করছে, সেখানে ইভিএম সম্পর্কে মানুষের মনে সন্দেহ তৈরি করার পাপ করতে ব্যস্ত ইন্ডিয়া জোটের নেতারা।
মোদীর কথায়, বিহারে আরজেডি-কংগ্রেস জোট দেশের সংবিধানকে মানে না, গণতন্ত্রকে মানে না। আগে এখানে পোলিং বুথ, ব্যালট পেপার লুঠ হতো। ডান্ডার ভয়ে মানুষকে বুথে যেতে দেওয়া হতো না। বুথ লুঠ সাধারণ ঘটনা ছিল। কিন্তু মানুষের কাছে রয়েছে এখন ইভিএমের শক্তি।
বোতাম টিপে যাতে সাধারণ মানুষ তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারেন তা নিশ্চিত করতে বিরোধী রাজনৈতিক দলগুলি নানা ফন্দি আঁটছে বলে অভিযোগ মোদীর। মোদীর কথায়, সুপ্রিম কোর্ট আজ জানিয়ে দিয়েছে, ব্যালট পেপারের জমানা আর ফিরবে না। দেশের গণতন্ত্রের পক্ষে এটি বড় জয়।
সুপ্রিম কোর্টের এই রায় বিরোধী দলগুলির কাছে বড় ধাক্কা, তাদের মুখে কষিয়ে থাপ্পড় বলেও মন্তব্য করেছেন মোদী। ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রায়াল সংক্রান্ত বিষয়ে যাবতীয় আর্জি খারিজ করে সুপ্রিম কোর্ট আজ যে রায় দিয়েছে, তারপর বিরোধীদের উচিত দেশের কাছে ক্ষমা চাওয়া। ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যেই বিরোধী দলগুলি ইভিএমের বিরোধিতায় একজোট হয়েছে বলেও কটাক্ষ মোদীর।
নরেন্দ্র মোদী এদিন আরারিয়ার জনসভা থেকে বলেন, তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে আমি আরও বেশি পরিশ্রম করব। দেশের মানুষের স্বার্থে, দেশের স্বার্থে আরও বেশ কয়েকটি বড় সিদ্ধান্ত গ্রহণ করব। মালদহে যেমন একযোগে তৃণমূল, কংগ্রেস ও বামেদের নিশানা করেন মোদী, আরারিয়ায় নিশানায় ছিল কংগ্রেস ও আরজেডি।
দলিত, পিছড়ে বর্গ, দরিদ্র সম্প্রদায়ের মন জেতার কৌশল লক্ষ্য করা গিয়েছে মোদীর বক্তব্যে। তিনি বলেন, তফশিলী জাতি ও জনজাতি এবং ওবিসি সম্প্রদায়ের অধিকার হরণের ষড়যন্ত্র করেছে কংগ্রেস। দায়িত্ব নিয়েই এটা বলছি। বাবাসাহেব আম্বেদকরের মতাদর্শের উল্টো পথে হেঁটে ধর্মের ভিত্তিতে সংরক্ষণের চেষ্টা করে চলেছে কংগ্রেস। কর্নাটক মডেলের পথে হেঁটে সারা দেশে তা প্রয়োগ করতে চাইছে।
কংগ্রেস কর্নাটকে ওবিসি সম্প্রদায়ের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে মুসলিম সম্প্রদায়ের সকলকে ওবিসি লিস্টে সামিল করেছে বলেও মন্তব্য করেন মোদী। যার ফলে ওবিসিদের ২৭ শতাংশ সংরক্ষণের বেশিরভাগের সুফল মিলেছে মুসলিমদের। বিহার-সহ দেশের অন্য অংশেও কংগ্রেস তা প্রয়োগ করতে চাইছে বলে জানান মোদী।












Click it and Unblock the Notifications