Lok Sabha Election 2024: ৭৫ দিনে দুই শতাধিক! মোদী নির্বাচনী প্রচার শেষ করলেন পাঞ্জাবে, জোর কোন ৫ রাজ্যে?
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার প্রচার শেষ হচ্ছে আজ সন্ধ্যা ৬টায়। তার আগেই নির্বাচনী প্রচার কর্মসূচি সেরে ফেললেন নরেন্দ্র মোদী।
আজ নরেন্দ্র মোদীর শেষ নির্বাচনী জনসভাটি ছিল পঞ্জাবের হোশিয়ারপুরে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, ৭৫ দিনে দুশোরও বেশি প্রচার কর্মসূচিতে অংশ নিয়েছেন মোদী।

তামিলনাড়ুর কন্যাকুমারিকার বিবেকানন্দ রকে আজ থেকে ১ জুন বিকেল অবধি ধ্যানমগ্ন থাকবেন মোদী। যে ধ্যান মণ্ডপমে স্বামী বিবেকানন্দ ধ্যানমগ্ন ছিলেন। মনে করা হচ্ছে, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর ও আরব সাগরের মিলনস্থলে এই কর্মসূচির মাধ্যমে মোদী জাতীয় সংহতির বার্তাও দিতে চাইছেন।
২০১৪ সালে নরেন্দ্র মোদী গিয়েছিলেন শিবাজীর প্রতাপগড়ে। ২০১৯ সালে গিয়েছিলেন কেদারনাথে। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আগেও মোদী রামায়ণের সঙ্গে যোগ থাকা দক্ষিণ ভারতের একাধিক মন্দিরে গিয়েছিলেন। প্রচারের ফাঁকেও তিনি মন্দির, আশ্রমে গিয়েছিলেন। সম্প্রতি কলকাতায় তিনি সারদা মায়ের বাড়ি, স্বামী বিবেকানন্দর বাড়িতেও যান।
গত ১৬ মার্চ লোকসভা নির্বাচনের প্রচার শুরু করেছিলেন মোদী। ৭৫ দিন ধরে তিনি দুই শতাধিক কর্মসূচিতে অংশ নেন। যার বেশিরভাগই ছিল জনসভা ও রোড শো। এবার মোদী যে রাজ্যগুলিতে বেশিরভাগ প্রচার কর্মসূচিতে অংশ নেন সেগুলি হলো- উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র ও ওডিশা।
এবারের লোকসভা নির্বাচনের প্রচারের ফাঁকেই প্রচুর সংবাদমাধ্যমকে ইন্টারভিউ দিয়েছেন মোদী। তুলে ধরেছেন বিগত ১০ বছরের উন্নয়নের কথা। আজ হোশিয়ারপুরের জনসভাতেও তিনি জানিয়ে দিয়েছেন, কেন্দ্রে মোদী সরকারের হ্যাটট্রিক সুনিশ্চিত হয়ে গিয়েছে।
মোদীর কথায়, ভারত মোদী সরকারকে তিনবারের জন্য ক্ষমতায় আনা নিশ্চিত করে ফেলেছে। কয়েক দশক পর কেন্দ্রে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের হ্যাটট্রিক হতে চলেছে। একবিংশ শতাব্দী ভারতের শতাব্দী। বিকশিত ভারত গঠনের লক্ষ্যে দমদার সরকার আসতে চলেছে। মোদী জানান, সরকারে আসার পরই প্রথম ১২৫ দিনের কাজের রোডম্যাপ তৈরি হয়ে গিয়েছে। যাতে তরুণ প্রজন্মের স্বার্থে কিছু পদক্ষেপ করা হবে। আগামী পাঁচ বছরে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্তও নেওয়া হবে। আগামী ২৫ বছরে নতুন ভারতের ভিশন পরিলক্ষিত হবে।












Click it and Unblock the Notifications