Lok sabha Election 2024:না দিদি না মোদী, হাতির পিঠে চেপে বহেনজী একাই লড়বেন লোকসভা ভোটে
আসন্ন লোকসভা নির্বাচনে বিএসপি একাই প্রতিদ্বন্দ্বিতা করবে, কোনও জোটে তারা অংশ নেবে না। দলীয় বৈঠকে এদিন এমনটাই ঘোষণা করেছেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। প্রসঙ্গত ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিএসপি সপার সঙ্গে জোট করে ১০ টি আসন পেয়েছিল।
দলীয় বৈঠকে মায়াবতী মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর জন্য বিজেপির সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন বিজেপি শুধুমাত্র নির্বাচনী লাভের জন্যই এটি করেছে। তিনি দাবি করেছেন, বিজেপি বেশ কয়েকটি রাজ্যে আসন্ন বিধানসভা এবং লোকসভা নির্বাচনের সময় বিলটি থেকে লাভবান হতে চাইছে। বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশ বিএসপির রাজ্য সভাপতি উমাশঙ্কর সিংও।

গতমাসে মায়াবতী বলেছিলেন, দলের নেতারা আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি জোরদার করার জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। তিনি আরও বলেছিলেন, উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডের পরে বিএসপি-র সিনিয়র নেতারা ঝাড়খণ্ডে দলের সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে চিন্তাভাবনা করছেন। তারা রাজ্যের ১৪ টি আসনের প্রার্থীও চূড়ান্ত করেছেন বলে জানিয়েছিলেন মায়াবতী।
মায়াবতী বলেছিলেন, আদিবাসী অধ্যুষিত ঝাড়খণ্ড রাজ্যে পরিশ্রমী এবং সৎ লোকেদের সামনে রেখে দলকে শক্তিশালী করতে হবে। এর আগে বিএসপি প্রধান তার দলের নেতা ও কর্মীদের জোটের ওপরে নির্ভর না করার ও স্বাধীনভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন। তিনি ইন্ডিয়া ব্লক এবং এনডিএকে গরিব-বিরোধী, বর্ণবাদী, সাম্প্রদায়িক এবং পুঁজিবাদী সমর্থক হিসেবে চিহ্নিত করেছিলেন।
মায়াবতী বলেছেন, বিএসপি ২০০৭ সালের মতো বিরোধীদের করা কারসাজির পরিবর্তে, পারস্পরিক ভ্রাতৃত্বের ভিত্তিতে সমাজের কোটি কোটি অবহেলিত মানুষকে একসঙ্গে করে আসন্ন সাধারণ নির্বাচন এবং চারটি রাজ্য বিধানসভায় এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে।
২০১৯ সালে লোকসভা ভোটের আগেই মায়াবতী ঘোষণা করেছিলেন এবার তিনি ভোটে লড়বেন না। সেবছর সপার সঙ্গে জোট ছিল। ভোটের পরই পুরোপুরি জোট ভেঙে দেন। এবার একলাই চলার ঘোষণা করে দিলেন। আগের বার বহেনজীর দল বসপা মোট ১০টি আসন পেয়েছিল। এবার শেষ পর্যন্ত কী হয় এখন সেটাই দেখার।












Click it and Unblock the Notifications