Lok Sabha Election 2024: কঙ্গনা বিজেপির প্রার্থী, বাদ পড়লেন বরুণ, নবীন-সহ দলবদলুদের প্রাধান্য
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের জন্য পঞ্চম দফার প্রার্থী তালিকা আজ ঘোষণা করল বিজেপি। এতে উল্লেখযোগ্য নাম বলিউড নায়িকা কঙ্গনা রানাওয়াতের।
মানেকা গান্ধীকে টিকিট দেওয়া হলেও বাদ পড়লেন বরুণ গান্ধী। শিল্পপতি তথা প্রাক্তন কংগ্রেস সাংসদ নবীন জিন্দল-সহ দলবদলুদেরও প্রাধান্য দেওয়া হয়েছে।

কঙ্গনা রানাওয়াতকে নিয়ে জল্পনা ছিল অনেক দিন ধরেই। বিজেপির পক্ষে সব সময় সরব হয়ে সমালোচনাও সহ্য করতে হয়েছে কঙ্গনাকে। রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানেও হাজির ছিলেন। সবমিলিয়ে কঙ্গনা পুরস্কৃতই হলেন। তাঁকে প্রার্থী করা হলো হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্র থেকে।
মান্ডি কেন্দ্র থেকে ২০১৪ ও ২০১৯ সালে বিজেপির টিকিটে জিতেছিলেন রাম স্বরূপ শর্মা। ২০২১ সালে উপনির্বাচনে এই আসনটি বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছিল কংগ্রেস। জেতেন প্রতিভা সিং। শিল্পপতি তথা প্রাক্তন কংগ্রেস সাংসদ নবীন জিন্দল আজ বিজেপিতে যোগ দেন।
এরপর রাতে প্রকাশিত বিজেপির প্রার্থী তালিকায় নাম রয়েছে নবীনের। তাঁকে কুরুক্ষেত্র কেন্দ্রেই প্রার্থী করা হয়েছে। গাজিয়াবাদের প্রবীণ সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী ভিকে সিং এবার নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন। এই আসন থেকে প্রার্থী হয়েছেন অতুল গর্গ।
উত্তরপ্রদেশের মেরঠ থেকে প্রার্থী করা হয়েছে অরুণ গোভিলকে। যিনি রামায়ণ সিরিয়ালে শ্রী রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করেছিলেন। সুলতানপুর আসম থেকে প্রার্থী হয়েছেন মানেকা গান্ধী। যদিও উত্তরপ্রদেশের পিলভিট কেন্দ্রটি হাতছাড়া হয়েছে বরুণ গান্ধীর। পরিবারবাদই কারণ কিনা তা নিয়ে জল্পনা রয়েছে।
পিলভিটে বিজেপি প্রার্থী করেছে প্রাক্তন কংগ্রেস নেতা জিতিন প্রসাদকে। চমক রয়েছে বাংলাতেও। প্রত্যাশিতভাবেই তমলুক আসনে প্রার্থী করা হয়েছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কৃষ্ণনগরে বিজেপির টিকিটে লড়বেন রাজমাতা অমৃতা রায়।
বাংলাতেও দলবদলুদের পুরস্কৃত করা হয়েছে। তাপস রায় কলকাতা উত্তর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়বেন। রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীকে দাঁড় করানো হয়েছে কলকাতা দক্ষিণে। মেদিনীপুর থেকে বর্ধমান-দুর্গাপুর আসনে সরিয়ে নিয়ে আসা হলো দিলীপ ঘোষকে। টিকিট পেলেন না বর্তমান সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া।
মেদিনীপুর কেন্দ্রে প্রার্থী অগ্নিমিত্রা পাল, বর্ধমান-পূর্বে অসীম সরকার। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী অর্জুন সিং। সন্দেশখালির ঘটনা নিয়ে আন্দোলনের অন্যতম নেত্রী রেখা পাত্র লড়বেন বসিরহাট লোকসভা কেন্দ্রে। দার্জিলিং কেন্দ্রে রাজু বিস্তাকেই প্রার্থী করা হয়েছে। রায়গঞ্জে প্রার্থী কার্তিক পাল। আসানসোল কেন্দ্রে পবন সিং সরে দাঁড়িয়েছিলেন। এই কেন্দ্রে প্রার্থীর নাম এদিন ঘোষণা করেনি বিজেপি।












Click it and Unblock the Notifications