INDIA Vs NDA: কংগ্রেসেকে হারাতে বিজেপির হাত ধরবে জেডিএস! মিশন ২৪ নিয়ে কী জানালেন কুমারস্বামী
সম্প্রতি কর্নাটকের বিধানসভা নির্বাচনে বিজেপি ও জেডিএসকে ত্রিমুখী লড়াইয়ে পর্যুদস্ত করে ক্ষমতা দখল করে কংগ্রেস। বিধানসভা ভোটে পর্যুদস্ত হওয়ার পর মিশন ২০২৪-এ কংগ্রেসেকে হারাতে জেডিএস ও বিজেপি হাত মেলাতে পারে বলে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।
বিজেপি-জেডিএস জোট নিয়ে জল্পনার মধ্যেই এইচডি কুমারস্বামী স্পষ্ট বার্তা দিলেন। তাঁর সেই বার্তায় বিজেপি-জেডিএস জোট নিয়ে জল্পনার পারদ আরও চড়ল। তাঁরা জোট করবেন কি করবেন না, তা এখনও সুস্পষ্ট নয়। এরই মধ্যে জেডিএস নেতা এইচডি কুমারস্বামী জোট-চুক্তি প্রত্যাখ্যান করেছেন।

কুমারস্বামীর ব্যাখ্যা, জোট নিয়ে আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে। এখনও অনেক আলোচনা বাকি আছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপি নেতা বিএস ইয়েদুরপ্পা এর আগে জল্পনা উসকে জানিয়েছিল বিজেপি ও জেডিএস জোট গড়ে লোকসভা নির্বাচনে লড়বে। তবে তা ইয়েদুরাপ্পার ব্যক্তিগত মত বলে জানানো হয় জেডিএসের তরফে।
কুমারস্বামী বলেন, এখন পর্যন্ত আসন ভাগাভাগি বা জোট চূড়ান্ত করা নিয়ে কোনও আলোচনা হয়নি। আমরা আন্তরিকভাবে দেখা করেছি। এগুলি আলোচনার প্রাথমিক পর্যায়। ইয়েদুরাপ্পা আমাদের দলের সম্পর্কে ভালো কথা বলেছেন আমি তাকে তার বক্তব্যের জন্য ধন্যবাদ দিয়েছি।
জেডিএস নেতা দাবি করেন, তাঁর দল মান্ড্য লোকসভা আসনটি চায়। ২০১৯ সালে বিজেপি-সমর্থিত নির্দল প্রার্থী এই আসনটিতে জিতেছিল। তবে এসব নিয়ে এখনও আলোচনা হয়নি। আলোচনা যখন প্রাথমিক পর্যায়ে আছে তখন জল্পনা-কল্পনা না করাই ভালো বলে তিনি মনে করেনষ
কুমারস্বামী বলেন, দলীয় কর্মীদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে। তাঁদের মতামত সংগ্রহ করা হবে। বিজেপির সঙ্গে হাত মেলানোর বিষয়ে দলের নেতাদের মতামত নেওয়া হবে। এখানে উল্লেখ্য, কুমারস্বামীর বেঙ্গালুরুর বাড়িতে বুধবার একটি সভাও অনুষ্ঠিত হয়েছিল। তারপর বৃহস্পতিবার ইয়েদুরপ্পা বিজেপি ও জেডিএস জোট নিয়ে মুখ খোলেন।
রাজ্যের ২৮টি লোকসভা আসনের মধ্যে জোট হলে তারা ২৫ থেকে ২৬টি আসন পাবেন বলেও দাবি করেন ইয়েদুরাপ্পা। তবে জেডিএস ও বিজেপির এই হাত ধরাধরি নিয়ে সতর্ক করে দিয়েছে কংগ্রেস। বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া জগদীশ সেত্তর সাবধান করে বলেছেন, এটা সুবিধাবাদী জোট। নির্বাচনে আবারও মুখ থুবড়ে পড়বে তারা।
কংগ্রেস নেতা তথা বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া আঞ্চলিক দল জেডিএসের ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অভিযোগ করেছেন, এই দলের কোনও আদর্শ নেই। এরা ক্ষমতার স্বার্থে যা কিছু করতে পারে। মানুষই এদের জবাব দেবে। জেডিএস এর আগে বিজেপি এবং কংগ্রেস উভয়ের সঙ্গেই জোট সরকার চালিয়েছে কর্নাটকে।












Click it and Unblock the Notifications