Electoral Bond: ইলেক্টরাল বন্ডে উপকৃত কোন রাজনৈতিক দলগুলি? ক্রেতাদের তালিকায় নেই আদানি, আম্বানিরা
Electoral Bond: সুপ্রিম কোর্ট সময় দিয়েছিল ১৫ মার্চ বিকেল ৫টা পর্যন্ত। তার আগে আজ রাতেই জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হলো ইলেক্টরাল বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য।
মঙ্গলবার স্টেট অব ব্যাঙ্ক ইন্ডিয়া এই বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য জমা দিয়েছিল নির্বাচন কমিশনে। কোন কোন রাজনৈতিক দল ইলেক্টরাল বন্ড থেকে টাকা পেয়েছে, কোন সংস্থাগুলি ইলেক্টরাল বন্ড কিনেছে, তার উল্লেখ রয়েছে তালিকায়।

শীর্ষ আদালতের নির্দেশে ইলেক্টরাল বন্ডের মাধ্যমে অর্থ সংগ্রহের পথ বন্ধ হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলির কাছে। ২০১৮ সালে নরেন্দ্র মোদী সরকার ইলেক্টরাল বন্ড থেকে রাজনৈতিক দলগুলির অর্থ সংগ্রহের বন্দোবস্ত করলেও গত ১৫ ফেব্রুয়ারি এই প্রক্রিয়াকে অসাংবিধানিক বলে খারিজ করেছিল সুপ্রিম কোর্ট।
নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছিল কারা এই ইলেক্টরাল বন্ডের মাধ্যমে টাকা নিয়েছে, কারা বন্ডের টাকা রাজনৈতিক দলগুলিকে দিয়েছেন, কত পরিমাণ অর্থ দেওয়া হয়েছে ইত্যাদি তথ্য বিস্তারিতভাবে তুলে ধরতে হবে। স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে। অভিযোগ, অনেক সংস্থাই রাজনৈতিক দলগুলিকে টাকা দিয়ে আর্থিক ফায়দা তুলে থাকে।
স্টেট ব্যাঙ্ক অবধি এই তথ্য প্রকাশের জন্য ৩০ জুন অবধি সময় চেয়েছিল। কিন্তু তাতে সায় দেয়নি সুপ্রিম কোর্ট। লোকসভা নির্বাচন ঘোষণার আগেই সেই তথ্য যাতে জনসমক্ষে আসে, তা সুনিশ্চিত করারই রায় দিয়েছিল শীর্ষ আদালত। গত মঙ্গলবারের মধ্যে তথ্য জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল এসবিআইকে।
যে তথ্য ওয়েবসাইটে দেওয়া হয়েছে তার প্রথম ৩৩৭ পৃষ্ঠায় তুলে ধরা হয়েছে ইলেক্টরাল বন্ড কারা কিনেছে, কবে কিনেছে, সেই সংক্রান্ত তথ্য। দ্বিতীয় অংশে রয়েছে ৪২৬ পৃষ্ঠা, যার মধ্যে রাজনৈতিক দলগুলি কবে কত পরিমাণ অর্থ পেয়েছে সেই তথ্য রয়েছে। যদিও বন্ড নম্বরের উল্লেখ না থাকায় বোঝা যাচ্ছে না কোন সংস্থার জন্য কোন সংস্থাগুলি বন্ড কিনেছে।
যে উল্লেখযোগ্য কর্পোরেট সংস্থা ইলেক্টরাল বন্ড কিনেছে তাদের মধ্যে রয়েছে- গ্রাসিম ইন্ডাস্ট্রিজ, মেঘা ইঞ্জিনিয়ারিং, টরেন্ট পাওয়ার, ভারতী এয়ারটেল, ডিএলএফ কমার্শিয়াল ডেভেলপার্স, বেদান্ত লিমিটেড, অ্যাপোলো টায়ারস, লক্ষ্মী মিত্তল, এডেলওয়েইস, পিভিআর, কেভেন্টার, সুলা ওয়াইন, ওয়েলস্পান, সান ফার্মা।
যদিও এই সংস্থাগুলির তালিকায় নেই আদানি গ্রুপ ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। বিজেপি, কংগ্রেস, এআইএডিএমকে, বিআরএস, শিবসেনা, টিডিপি, ওয়াইএসআর কংগ্রেস, ডিএমকে, জেডিএস, এনসিপি, তৃণমূল কংগ্রেস, জেডিইউ, আরজেডি, আপ ও সমাজবাদী পার্টির মতো দলগুলি ইলেক্টরাল বন্ড থেকে অর্থ পেয়েছে বলে জানা গিয়েছে।
রাজনৈতিক দলগুলিতে তহবিল বৃদ্ধি বা অনুদানের জন্য ইলেক্টরাল বন্ডের ব্যবস্থা চালু করেছিল কেন্দ্র। এই স্কিম শুরু হয়েছিল ২০১৭-১৮ অর্থবর্ষে। গত ফেব্রুয়ারিতে যা বন্ধ করে শীর্ষ আদালত। ২০১৮ সাল থেকে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ৩০টি শাখা থেকে ১৬,৫১৮ কোটি টাকা মূল্যের ইলেক্টরাল বন্ড কেনা হয়েছিল।












Click it and Unblock the Notifications