Lok Sabha Election 2024: রাহুল গান্ধীকে সতর্ক করল নির্বাচন কমিশন, মোদীকে কটাক্ষই কি কারণ?
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশন সতর্ক করে দিল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে। জনসমক্ষে ভাষণ দেওয়ার সময় শব্দচয়নে আরও সতর্ক হওয়ার নির্দেশ।
উল্লেখ্য, বিভিন্ন জনসভায় নরেন্দ্র মোদীকে যে সব কটাক্ষে রাহুল বিঁধে থাকেন তা নিয়ে জোর বিতর্ক হয় মাঝেমধ্যেই। রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রার মধ্যেই কমিশনের নির্দেশে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।

দিল্লি হাইকোর্টের নির্দেশ কার্যকর করেই কমিশন রাহুলকে সতর্ক করেছে বলে জানা যাচ্ছে। মোদীকে রাহুল পনৌতি বা অপয়া এবং পকেটমার বলে অভিহিত করেছিলেন। তার প্রেক্ষিতে মামলাও হয়। গত ডিসেম্বর দিল্লি হাইকোর্ট রাহুল গান্ধীর ২২ নভেম্বরের একটি বক্তব্যের প্রেক্ষিতে যথোপযুক্ত পদক্ষেপ করতে বলেছিল।
সেই সভায় মোদীকে রাহুল পকেটমার বলেছিলেন। এই বিবৃতিতে অসন্তোষ প্রকাশ করেছিল আদালত। আট সপ্তাহের মধ্যে আইনানুগ পদক্ষেপেরও নির্দেশ দিয়েছিল। আসন্ন লোকসভা নির্বাচনে তারকা প্রচারক ও রাজনৈতিক নেতাদের জন্য যে নির্দেশিকা জারি করেছে, তা অনুসরণ করার জন্যও রাহুলকে নির্দেশ দিয়েছে কমিশন।
গত ১ মার্চ সমস্ত রাজনৈতিক দলের জন্য প্রচার সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে কমিশন। তাতে উল্লেখ করা হয়েছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থী ও তারকা প্রচারকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। যদি কেউ একবার আচরণবিধি লঙ্ঘনের নোটিশ পাওয়ার পর ফের একই অপরাধ করেন, তাহলে আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, রাহুলকে গত ২৩ নভেম্বর নির্বাচন কমিশন নোটিশ পাঠিয়েছিল রাজস্থান বিধানসভা নির্বাচনের সময় তাঁর আপত্তিজনক শব্দচয়নের প্রেক্ষিতে। রাহুল মোদীকে পকেটমারের সঙ্গে তুলনা করেছিলেন। তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী জনগণের দৃষ্টি ঘোরাচ্ছেন, অন্যদিকে আমজনতার পকেট কাটছেন গৌতম আদানি! যা পকেটমারির ঘটনা সমতুল্য। এ ছাড়াও প্রধানমন্ত্রী রাহুল অপয়া বলার প্রেক্ষিতেও আদালতে পিটিশন দাখিল হয়েছিল।












Click it and Unblock the Notifications