Lok sabha Election 2024: শেষ পর্যন্ত মমতার পরামর্শই কি মানছে কংগ্রেস? প্রিয়াঙ্কাকে নিয়ে পরপর পদক্ষেপে জল্পনা
Lok sabha Election 2024: লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের সংগঠনে বড় পরিবর্তন। শনিবার দলের তরফে প্রিয়াঙ্কা গান্ধীকে উত্তর প্রদেশে দলের ভারপ্রাপ্ত পদ থেকে সরিয়ে দিয়েছে। কংগ্রেসের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, প্রিয়াঙ্কা গান্ধী এখন থেকে দলের সাধারণ সম্পাদক থাকবেন।
কংগ্রেসের তরফে অবিনাশ পান্ডেকে প্রিয়াঙ্কা গান্ধীর জায়গায় আনা হয়েছে। তিনি উত্তর প্রদেশে দলের ইনচার্জ হবেন। কংগ্রেস ওয়ার্কিং কমিটির সভার ঠিক দুদিন পরে এইসব সাংগঠনিক পরিবর্তনগুলি করা হয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সভাপতিত্ব করা বৈঠকে হাজির ছিলেন সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, জয়রাম রমেশ এবং কেসি ভেনুগোপালের মতো নেতারা।
কংগ্রেসের নেতারা বলছেন, প্রিয়াঙ্কা গান্ধীকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে কংগ্রেসের এই পদক্ষেপে প্রিয়াঙ্কা গান্ধী বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রার্থী হতে চলেছেন বলে জল্পনা তৈরি হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি দিল্লিতে হওয়া ইন্ডিয়া ব্লকের চতুর্থ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয়াঙ্কা গান্ধীকে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে বারাণসী থেকে প্রতিদ্বন্দ্বিতা করার পরামর্শ দিয়েছিলেন। সেব্যাপারে অবশ্য কংগ্রেসের তরফে কোনও মন্তব্য করা হয়নি। তবে ২০১৯-এও প্রিয়ঙ্কা গান্ধী বারাণসী থেকে লড়াই করতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত তিনি আর লড়াইয়ে নামেননি।
দলের সিনিয়র নেতা তথা রাজ্যসভার সাংসদ প্রমোদ তিওয়ারি বলেছেন, প্রিয়াঙ্কা গান্ধীকে দায়িত্ব থেকে সরানো হয়নি। তিনি নিজেই উত্তর প্রদেশের পরিবর্তমে সারা দেশের হয়ে কাজ করার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেছিলেন।
একটা সময়ে উত্তর প্রদেশে একাই সরকার চালানো কংগ্রেস গত ত্রিশ বছরের বেশি সময় ধরে খয়িষ্ণু শক্তি। ইন্ডিয়া জোটে উত্তর প্রদেশে রয়েছে সমাজবাদী পার্টি এবং আরএলডি। এই তিন দল উত্তর প্রদেশে একজোট হতে পারে কিনা এখন সেটাই দেখার।

তবে কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি জানিয়েছেন, উত্তর প্রদেশে কংগ্রেস ও সমাজবাদী পার্টির মধ্যে দূরত্ব বৃদ্ধির খবর ভুল। দুদলের মধ্যে ঘনিষ্ঠতা বেড়েছে বলে দাবি করেছেন তিনি। ইন্ডিয়া ব্লক একসঙ্গে নির্বাচনে লড়াই করবে এবং বিজেপিকে পরাজিত করবে বলে দাবি করেছেন অখিলেশ যাদব ।
এদিকে ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠকেও আসন বন্টন অধরা রয়ে গিয়েছে। বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম প্রধানমন্ত্রীর মুখ হিসেবে প্রস্তাব করেন, যাতে সমর্থন করেন দিল্লির মুখ্যমন্ত্রী কেরজিরওয়াল। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রস্তাবে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার-সহ অনেকেই খুশি হতে পারেননি বলেই জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications