Lok Sabha Election 2024: নয় রাজ্যে জোট করতে চায় কংগ্রেস! প্রস্তাব যাচ্ছে সভাপতি খাড়গের কাছে
Lok Sabha Election 2024: ইন্ডিয়া ব্লকের চার চারটি বৈঠক হয়ে গিয়েছে। কিন্তু এখনও রাজ্যগুলিতে আসন ভাগাভাগি চূড়ান্ত করতে পারেনি কংগ্রেস-সহ সহযোগী দলগুলি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো কংগ্রেস সভাপতি ৩১ জানুয়ারি আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত সময়সীমা ধার্য করেছেন।
এর মধ্যে কংগ্রেসও দলের অভ্যন্তরে নিজেদের মতো করে কোনও কোন রাজ্যে জোটের সম্ভাবনা আছে, তা নিয়ে আলোচনা করেছে। প্রত্যেক রাজ্য সভাপতি ছাড়াও রাজ্যগুলির সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করেছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা।

জানা গিয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনের জন্য কংগ্রেস বিরোধী ইন্ডিয়া ব্লকের জন্য আসন ভাগাভাগির সূত্র তৈরি করেছে। যা বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে জমা দেওয়া হবে। সূত্রের খবর কংগ্রেস আসন্ন লোকসভা নির্বাচনে নটি রাজ্যে জোট করতে চায়। আপাতত পঞ্জাবে জোটের সম্ভাবনা নেই বললেই চলে।
বুধবার কংগ্রেস সভাপতির কাছে দলীয় রিপোর্ট জমা পড়ার পরে বিভিন্ন রাজ্য ইন্ডিয়া ব্লকের সহযোগী দলগুলির সঙ্গে আলোচনা করা হবে বলে কংগ্রেস সূত্রে খবর। সূত্রের আরও খবর, যেসব রাজ্যে কংগ্রেস জোট করতে চায়, সেই তালিকায় রয়েছে জম্মু ও কাশ্মীর. দিল্লি, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, কেরল ও তামিলনাড়ু।
কংগ্রেস দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির সঙ্গে জোট করলেও, পঞ্জাবে তার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব কোনও খারাপ শর্তে তৃণমূলের সঙ্গে আসন সমঝোতায় রাজি নয় জানিয়েও বলেছে, দলীয় হাইকমান্ড এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। মহারাষ্ট্রে শিবসেনা ইউটিবির ২৩ আসন নিয়ে গোঁ ধরে থাকাও কংগ্রেসের কাছে চ্যালেঞ্জের।
দক্ষিণে ওয়াইএস শর্মিলা তার দলকে কংগ্রেসের সঙ্গে মিলিয়ে দিতে পারেন বলে জানা গিয়েছে। তিনি দিল্লিতে গিয়ে এব্যাপারে চূড়ান্ত ঘোষণা করতে পারেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, কংগ্রেসের তরফে ওয়াইএস শর্মিলাকে রাজ্যসভায় নিয়ে যাওয়া ছাড়াও এআইসিসির সাধারণ সম্পাদক এবং প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। কংগ্রেসের প্রস্তাবে ওয়াইএস শর্মিলা রাজি হয়েছেন বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য এবছর অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। সেই পরিস্থিতিতে ওয়াইএস শর্মিলাকে বড় দায়িত্ব দিয়ে রাজ্যে ফের দলকে দাঁড় করানোর চেষ্টা করছে কংগ্রেস। তবে সম্প্রতি হয়ে যাওয়া তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে শর্মিলা কংগ্রেসকে সমর্থন করেছিলেন।












Click it and Unblock the Notifications