Lok Sabha Election 2024: কংগ্রেসের দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় ৪৩ জনের নাম, বাংলার কেউ আছেন?
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের জন্য দ্বিতীয় দফায় ৪৩ জন প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস। যদিও তাতে পশ্চিমবঙ্গের কারও নাম নেই।
অসম, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থানের মতো রাজ্যগুলির প্রার্থীদের নাম ঘোষিত হয়েছে। এই ৪৩ জনের মধ্যে ১০ জন জেনারেল, ওবিসি ১৩ জন, এসসি ১০, এসটি ৯ ও ১ মুসলিম রয়েছেন।

পশ্চিমবঙ্গে জোট ভেস্তে গিয়েছে। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই বাংলার ৪২টি আসনেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে। কংগ্রেসকে এখন বাম ও আইএসএফের সঙ্গে জোট বেঁধে লড়তে হবে। আইএসএফ যত আসন চাইছে তাতে আবার সহমত নয় বামেরা। শরিক দলগুলির সঙ্গে বৈঠক হয়েছে বামফ্রন্ট চেয়ারম্যানের।
শরিক দলগুলি নিজেদের আসনগুলি ছাড়়তে রাজি নয়। এই অবস্থায় আইএসএফ কী ভূমিকা নেবে সেটা যেমন দেখার, তেমনই কংগ্রেসকে আর বেশি সময় দিতে নারাজ বামেরা। সময়সীমা বেঁধে দেওয়ার কথা জানা গেলেও আজ দিল্লিতে কংগ্রেসের সাংবাদিক সম্মেলনে পশ্চিমবঙ্গের কোনও আসনের প্রার্থীর নাম ঘোষণা হয়নি।
এমনকী, লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর বহরমপুর আসনে তৃণমূল ও বিজেপি প্রার্থী দিলেও অধীরের নাম আজ তালিকায় রাখেনি কংগ্রেস। কেসি বেণুগোপাল জানিয়েছেন, ইন্ডিয়া জোটের সঙ্গীদের সঙ্গে আসন রফা নিয়ে আলোচনা চলছে। গতকালের বৈঠকে যে ৪৩টি আসনের নাম চূড়ান্ত হয়েছে সেটাই আজ ঘোষণা করা হলো। যার মধ্যে রয়েছে অসমের ১২টি, গুজরাতের ৭টি, মধ্যপ্রদেশ ও রাজস্থানের ১০টি করে, উত্তরাখণ্ডের ৩টি এবং দমন ও দিউয়ের ১টি আসন।
कांग्रेस अध्यक्ष श्री @kharge की अध्यक्षता में आयोजित CEC की बैठक में लोकसभा चुनाव, 2024 के लिए 43 लोकसभा सीटों पर कांग्रेस उम्मीदवारों की दूसरी लिस्ट जारी की गई। pic.twitter.com/kgWoEkzKt6
— Congress (@INCIndia) March 12, 2024
অসমের যে আসনগুলির জন্য কংগ্রেস প্রার্থী ঘোষণা করেছে সেগুলি হলো- কোকরাঝাড়, ধুবরি, বরপেটা, দারাং-উড়ালগুড়ি, গুয়াহাটি, দিফু, করিমগঞ্জ, শিলচর, নগাঁও, কাজিরাঙা, সোনিতপুর ও জোড়হাট। জোড়হাটে প্রার্থী গৌরব গগৈ। মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ায় নকুলনাথ ও জালোরে বৈভব গেহলটকে প্রার্থী করা হয়েছে। ফলে তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্র টিকিট পেলেন।
গুজরাতের কচ্ছ, বনসকণ্ঠ, আমেদাবাদ পূর্ব, আমেদাবাদ পশ্চিম, পোরবন্দর, বরদোলি ও ভালসাড়ের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। মধ্যপ্রদেশের ভিণ্ড, টিকমগড়, সাতনা, সিধি, মান্ডলা, ছিন্দওয়াড়া, দেওয়স, ধর, খাড়গোন ও বেতুলে প্রার্থী দেওয়া হয়েছে।
রাজস্থানের বিকানের, চুরু, ঝুনঝুনু, আলওয়াড়, ভরতপুর, টঙ্ক-সওয়াই মাধোপুর, যোধপুর, জালোড়, উদয়পুর, চিতোরগড়ের নাম রয়েছে আজকের প্রার্থী তালিকায়। উত্তরাখণ্ডের তেহরি গাড়োয়াল, গাড়োয়াল ও আলমোরার পাশাপাশি দমন ও দিউ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। তবে এদিনও উত্তরপ্রদেশের কোনও আসনের নাম নেই। ফলে প্রিয়াঙ্কা গান্ধী ভোটে লড়বেন কিনা, অমেঠি বা রায়বরেলিতে কাকে প্রার্থী করবে কংগ্রেস, এই বিষয়গুলি নিয়ে জল্পনা অব্যাহত।












Click it and Unblock the Notifications