Congress In Lok Sabha Election 2024: প্রথম দফায় ৩৯ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রাহুল-সহ তালিকায় কারা?
Congress In Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের জন্য প্রথম দফায় ৩৯ জন প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস। এই তালিকায় ২৪ জন এসসি, এসটি, ওবিসি ও সংখ্যালঘু প্রার্থী রয়েছেন।
রাহুল গান্ধী লড়বেন ওয়ানাড় কেন্দ্র থেকে। ভূপেশ বাঘেল, শশী তারুর, কেসি বেণুগোপালদের নাম রয়েছে তালিকায়। গতকাল কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের পর এই তালিকা। পরবর্তী বৈঠক ১১ মার্চ। দিল্লিতে সেরা প্রার্থী দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

ছত্তিশগড়ের ৬টি, কর্নাটকের ৭টি, কেরলের ১৬টি, লাক্ষাদ্বীপের ১টি, মেঘালয়ের ২টি, নাগাল্যান্ডের ১টি, সিকিমের ১টি, তেলঙ্গানার ৪টি ও ত্রিপুরার একটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হলো এদিন। তালিকায় নেই উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলির নাম। বাংলায় এখনও জোট-জট অব্যাহত।
कांग्रेस अध्यक्ष श्री @kharge की अध्यक्षता में आयोजित 'केंद्रीय चुनाव समिति' की बैठक में लोकसभा चुनाव, 2024 के लिए 39 लोकसभा सीटों पर कांग्रेस उम्मीदवारों के नाम घोषित किए गए। pic.twitter.com/jOQk3rycwG
— Congress (@INCIndia) March 8, 2024
রাহুল গান্ধী ওয়ানাড় (Waynad) কেন্দ্র থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে রাজনন্দগাঁও কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। ব্যাঙ্গালোর রুরাল কেন্দ্র থেকে লড়বেন ডি কে সুরেশ, ত্রিশূর কেন্দ্র থেকে দাঁড় করানো হলো কে মুরলীধরনকে। আলাপ্পুঝা কেন্দ্রের প্রার্থী কে সি বেণুগোপাল।
তিরুঅনন্তপুরম কেন্দ্র থেকে শশী তারুরকে (Dr. Shashi Tharoor) প্রার্থী করা হয়েছে। মেঘালয়ের শিলং আসনে প্রার্থী ভিনসেন্ট এইচ পালা। তুরা কেন্দ্র থেকে লড়বেন সালেং এ সাংমা। ত্রিপুরা পশ্চিম কেন্দ্র থেকে আশিস কুমার সাহাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
এই তালিকার উল্লেখযোগ্য দিক হলো প্রিয়াঙ্কা গান্ধীর নাম না থাকা। রাজনৈতিক মহলের জল্পনা ছিল, প্রিয়াঙ্কার নাম ঘোষণা করা হতে পারে রায়বরেলি কেন্দ্র থেকে। এখান থেকে এবার লড়বেন না সোনিয়া গান্ধী। তিনি রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছেন। কিন্তু কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা এখনও নির্বাচনে লড়ার কথা সরাসরি না জানানোয় তাঁর নাম আজকের তালিকায় নেই বলেই খবর।
কর্নাটকের গুলবর্গ আসন থেকে লোকসভা ভোটে হেরে গিয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এই আসনের প্রার্থীর নাম আজ ঘোষিত হয়নি, স্বাভাবিকভাবেই নেই খাড়গের নামও। অশোক গেহলট, সচিন পাইলট, টিএস সিং দেও, দিগ্বিজয় সিং, কমলনাথ, প্রমোদ তিওয়ারি, পিএল পুনিয়া, ভূপিন্দর সিং হুডা, কুমারী শৈলজা, রণদীপ সুরজেওয়ালার মতো হেভিওয়েটদের নামও আজকের তালিকায় নেই।
কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল জানান, এই ৩৯ জন প্রার্থীর মধ্যে ১২ জনের বয়স ৫০-এর নীচে। ৫০ থেকে ৬০ বছরের মধ্যে রয়েছেন ৮ জন প্রার্থী। ১২ জন প্রার্থীর বয়স ৬১ থেকে ৭০-এর মধ্যে। ৭১ থেকে ৭৬ বছর বয়সের মধ্যে পড়ছেন ৭ জন প্রার্থী। কংগ্রেস ক্ষমতায় এলে কর্মসংস্থানের ক্যালেন্ডার অনুযায়ী অবিলম্বে ৩০ লক্ষ সরকারি চাকরি দেবে বলেও জানিয়েছে।












Click it and Unblock the Notifications