Lok Sabha Election 2024: গুজরাতে কি ২৬-০-র হ্যাটট্রিক? লোকসভা নির্বাচনের জনমত সমীক্ষায় কোন আভাস?
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের দিনক্ষণ শীঘ্রই ঘোষিত হবে। যদিও সেই অপেক্ষায় বসে না থেকে বিভিন্ন রাজনৈতিক দল প্রচারে নেমে পড়েছে।
নরেন্দ্র মোদী, অমিত শাহদের গুজরাতে ২০১৪ ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ২৬টি আসনের সবগুলিই জিতেছিল বিজেপি। বিরোধীদের ফিরতে হয়েছিল খালি হাতে। এবার কি সেই ২৬-০-র হ্য়াটট্রিক হবে?

বিজেপি ইতিমধ্যেই গুজরাতের ২৬টির মধ্যে ১৫টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। যাতে নাম নেই পাঁচজন সাংসদের। কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডব্য, পরষোত্তম রুপালাকে টিকিট দেওয়া হয়েছে। গান্ধীনগর আসন থেকে লড়বেন অমিত শাহ। নবসারি কেন্দ্র থেকে লড়বেন বিজেপির রাজ্য সভাপতি সিআর পাতিল।
প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজকোটের বিজেপি সাংসদ মোহন কুন্দরিয়া, পোরবন্দরের সাংসদ রমেশ দাহদুক, আমেদাবাদ পশ্চিমের কিরিট সোলাঙ্কি, বনসকণ্ঠের পর্বত প্যাটেল ও পঞ্চমহলের সাংসদ রতনসিং রাঠোরকে টিকিট দেওয়া হয়নি। রুপালা লড়বেন রাজকোট থেকে।
পোরবন্দরে প্রার্থী করা হয়েছে মাণ্ডব্যকে। ভারুচে আম আদমি পার্টি প্রার্থী দেবে। সেখানে বিজেপি দাঁড় করিয়েছে ছ-বারের সাংসদ তথা জনজাতি সম্প্রদায়ের সিনিয়র নেতা মনসুখ বাসবকে। প্রথম তালিকায় বিজেপি ২ মহিলাকে প্রার্থী করেছে। তাঁরা হলেন জামনগরের সাংসদ পুণম ম্যাডাম এবং রেখাবেন চৌধুরী, যিনি প্রথমবার প্রার্থী হলেন।
আমেদাবাদ পশ্চিমের তিনবারের সাংসদ কিরিট সোলাঙ্কির জায়গায় এবার প্রার্থী করা হয়েছে দীনেশ মাকওয়ানাকে। পঞ্চমহলে লড়বেন রাজপালসিং যাদব। কচ্ছ, পাটান, আনন্দ ও ডাহোড় আসনে প্রার্থী বদল করেনি বিজেপি। কোন কারণে এই প্রার্থী বদল তা অবশ্য স্পষ্ট করেনি বিজেপি। যেমন যাঁরা টিকিট পাননি তাঁরা অন্যত্র দাঁড়াবেন কিনা, তা নিয়েও চর্চা রয়েছে।
তবে ইন্ডিয়া টিভি-সিএনএক্স জনমত সমীক্ষা কিন্তু হতাশ করবে বিরোধীদের। কেন না, এবারও বিজেপি ড্যাং ড্য়াং করে গুজরাতে ২৬-০ করে ফেলবে বলে জানানো হয়েছে সর্বশেষ জনমত সমীক্ষায়। সমীক্ষা পুরোপুরি যে সঠিক তা নয়। রায় দেবেন জনগণ। যদিও পরপর তিনবার বিরোধীশূন্য করে গুজরাতে লোকসভা নির্বাচনে বিজেপি জিতলে তা হবে উল্লেখযোগ্য বিষয়।












Click it and Unblock the Notifications