Lok Sabha Election 2024: বিজেপির প্রার্থী তালিকায় ৩৪ মন্ত্রী, ২ প্রাক্তন মুখ্যমন্ত্রী! টিকিট পেলেন দলবদলুরাও
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের জন্য ১৯৫ জন প্রার্থীর নাম প্রথম দফায় ঘোষণা করে দিল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লড়বেন বারাণসী কেন্দ্র থেকেই।
তালিকায় মোট ৩৪ জন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাম রয়েছে। ২ প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও প্রার্থী করা হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গান্ধীনগর থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে রাজনাথ সিং লখনউ, স্মৃতি ইরানি অমেঠি থেকেই দাঁড়াচ্ছেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা রাজস্থানের কোটা থেকে নির্বাচনে লড়বেন। প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজের কন্যা বাঁশুরীকে প্রার্থী করা হয়েছে।
যে কেন্দ্রীয় মন্ত্রীরা টিকিট পেয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন মনসুখ মাণ্ডব্য, জিতেন্দ্র সিং, সর্বানন্দ সোনোওয়াল, গজেন্দ্র শেখাওয়াত, ভূপেন্দ্র যাদব, জি কিষাণ রেড্ডি, কিরেণ রিজিজু, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, রাজীব চন্দ্রশেখর, অর্জুন রাম মেঘওয়াল, অর্জুন মুন্ডা।
পশ্চিমবঙ্গের তিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার ও শান্তনু ঠাকুর নিজেদের কেন্দ্র থেকেই ফের জয়লাভের লক্ষ্যে নামবেন। পশ্চিমবঙ্গের আসানসোল আসন পুনরুদ্ধারে ভোজপুরী গায়ক তথা অভিনেতা পবন সিংকে প্রার্থী করে চমক দিয়েছে বিজেপি।
রমেশ বিধুরি, পরবেশ ভার্মা, মীনাক্ষি লেখি, হর্ষ বর্ধন, সাধ্বী প্রজ্ঞা ঠাকুররা নিজেদের আসন থেকে দাঁড়াতে পারছেন না, এটা স্পষ্ট হয়ে গিয়েছে আজকের তালিকা থেকেই। বাদ পড়েছেন জন বারলাও। নয়াদিল্লি থেকে প্রথমবার ভোটে লড়বেন বাঁশুরী স্বরাজ। পশ্চিম দিল্লিতে কমলজিৎ শেরাওয়াত, দক্ষিণ দিল্লিতে রামবীর সিং বিধুরি, চাঁদনি চকে প্রবীণ খান্ডেলওয়াল, উত্তর-পূর্ব দিল্লি থেকে প্রার্থী মনোজ তিওয়ারি।
উত্তরপ্রদেশে বহুজন সমাজ পার্টির প্রাক্তন সাংসদ রীতেশ পাণ্ডেকে প্রার্থী করা হয়েছে আম্বেদকর নগর থেকে। আসন বদল হয়নি হেমা মালিনী, রবি কিষাণ, অজয় মিশ্র তেনি, মহেশ শর্মা, এসপিএস বাঘেল, সাক্ষী মহারাজের। কংগ্রেসের প্রাক্তন সাংসদ গীতা কোড়াকে ঝাড়খণ্ডের সিংভূম আসন থেকে প্রার্থী করা হয়েছে।
গুজরাতের ২৬টির মধ্যে ১৫টিতে প্রার্থী ঘোষণা হয়েছে। পোরবন্দরে প্রার্থী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। কিরেণ রিজিজু অরুণাচল পূর্ব, বিষ্ণুপদ রায় আন্দামান ও নিকোবর এবং সর্বানন্দ সোনোওয়াল অসমের ডিব্রুগড় আসন থেকে লড়বেন। গুনা থেকে লড়বেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
ভোপালের সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুরের বদলে তাঁর আসন থেকে প্রার্থী করা হয়েছে অলোক শর্মাকে। কেরলে আত্তিঙ্গল ও তিরুঅনন্তপুরম থেকে প্রার্থী করা হয়েছে দুই কেন্দ্রীয় মন্ত্রীকে, তাঁরা হলেন ভি মুরলীধরন ও রাজীব চন্দ্রশেখর।
বিকানের থেকে লড়বেন অর্জুন রাম মেঘওয়াল। ভূপেন্দ্র যাদব আলোয়ারের প্রার্থী। যোধপুর থেকে লড়বেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। বারমেড় থেকে লড়বেন কৈলাস চৌধুরী। রাজ্য বিজেপি সভাপতি সিপি যোশী চিতোরগড় থেকে প্রার্থী।












Click it and Unblock the Notifications