লোকসভা নির্বাচনের আগে ছত্তিশগড়ে মাওবাদী দমন অভিযান! কমপক্ষে ২৯ জনের মৃত্যু, আহত ৩ জওয়ান
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনে আগে ছত্তিশগড়ে বড় মাওবাদী দমন অভিযান। নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে কমপক্ষে ২৯ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। এই অভিযানে অন্তত তিন জওয়ান আহত হয়েছেন। কাঙ্কেরের ছোট বেথিয়া থানার কালপার জঙ্গলে এই এনকাউন্টার সংগঠিত হয়। প্রথমে মৃতের সংখ্যা ১৮ বলা হয়েছিল।
সূত্রের খবর, ঘটনাস্থল থেকে অন্তত পাঁচটি একে ৪৭ রাইফেল এবং এলএমজি উদ্ধার করা হয়েছে। তিন আহতের মধ্যে এক ইনস্পেক্টরও রয়েছেন বলে জানা গিয়েছে। তাঁর পায়ে গুলি লেগেছে। বস্তারের আইজি পি সুন্দররাজ জানিয়েছেন, ছোট বেঠিয়া থানা এলাকার জঙ্গলে এনকাউন্টার চলছে।

মাওবাদী শীর্ষ নেতার মৃত্যু
সংঘর্ষে মাওবাদী নেতা শঙ্কর রাওয়ের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। যার মাথার দাম ধার্য হয়েছিল ২৫ লক্ষ টাকা। মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই চলে ছত্তিশগড় পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং বিএসএফের যৌথ বাহিনীর মধ্যে। সূত্রের খবর, এদিন লড়াই শুরু হয় দুপুর দেড়টার পরে।
এই বছরে আরও এনকাউন্টার
গতমাসেও এই জেলায় হওয়া এনকাউন্টারে এক মাওবাদী এবং এক পুলিশ কর্মীর মৃত্যু হয়। ফেব্রুয়ারিতে কাঙ্কেরে আরও একটি এনকাউন্টারে তিন মাওবাদীর মৃত্যু হয়।
গত নভেম্বরে সেখানে বিধানসভা নির্বাচনের আগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ হয়। তবে একসঙ্গে এতজন মাওবাদীর মৃত্যু অনেক দিন পরে হল।
মাওবাদীদের আত্মসমর্পণ
এদিকে সেমবার দান্তেওয়াড়ায় ২৬ জন মাওবাদী আত্ম সমর্পণ করেছে। এর মধ্যে একজনের মাথার দাম ছিল এক লক্ষ টাকা। এই মাওবাদীপা জেলা ক্রমবর্ধমান মাওবাদী বিরোধী অভিযান এবং সরকারের পুনর্বাসন নীতি এবং দান্তেওয়াড়া .পুলিশ কর্তৃক পরিচালিত লোন ভারা টু অভিযানে প্রভাবিত হয়ে আত্ম সমর্পণ করে।
বস্তারে ভোট ১৯ এপ্রিল
ছত্তিশগড়ের মাওবাদী প্রভাবিত বস্তার লোকসভা আসনে ভোট প্রথম দফায় অর্থাৎ ১৯ এপ্রিল। এলাকাটি মাওবাদী প্রভাবিত হওয়ায় সেখানে শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করা পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর কাছে চ্যালেঞ্জিং। তবে গত সাড়ে তিন মাস ধরে নিরাপত্তা বাহিনীর কৌশলে মাওবাদীদের পিঠ দেওয়ালে ঠেকেছে বলে দাবি স্থানীয়দের একাংশের। যে কারণে মাওবাদীরা সেখানে আত্মসমর্পণ করছে।
ভোটের প্রস্তুতি কীভাবে?
বস্তারের আইজি সুন্দররাজ পি বলেছেন, পোলিং পার্টিকে হেলিকপ্টারের ভোট কেন্দ্রগুলিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও সেখানে নিরাপত্তা বাহিনীকেও হেলিকপ্টারেই নিয়ে যাওয়া হচ্ছে। নিরাপত্তার কারণেই সেখানে হেলিকপ্টারের সাহায্য নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বস্তারের আইজি।












Click it and Unblock the Notifications